কালীপুজো, ছট এবং ক্রিসমাসে বাজি ফাটানোর সময় নির্দিষ্ট করে দিল রাজ্য

রাজেন রায়, কলকাতা, ২৭ অক্টোবর: শত ব্যস্ততার মধ্যেও মানুষ যাতে দূষণের কথা ভুলে না যান তার জন্য কালীপুজোর আগে ফের সতর্ক রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশমতো পরিবেশ বান্ধব বাজিই ফাটাতে হবে, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। পরিবেশ বান্ধব বাজি ফাটানোর নোটিস জারি করল রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

রাজ্যের তরফ থেকে বলা হয়েছে, কেবলমাত্র পরিবেশ বান্ধব আতস বাজিই বিক্রি করা হবে। রাত ৮-১০টা পর্যন্ত এই বাজি ফাটানো যাবে। ছট পুজোতেও কেবল ২ ঘণ্টাই এই বাজি ফাটানো যাবে। পাশাপাশি ক্রিসমাস ও বর্ষশেষের অনুষ্ঠানে কোন সময়ে বাজি ফাটানো যাবে, সেই সময় সীমাও ধার্য করে দিল রাজ্য সরকার।

নির্দেশিকায় বলা হয়েছে, ক্রিসমাস ও বর্ষশেষের রাতে ১১.৫৫ মিনিট থেকে সাড়ে বারোটা পর্যন্ত পরিবেশবান্ধব আতসবাজি ফাটানো যাবে। শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীরাই বাজি বিক্রি করতে পারবেন। এ বিষয়ে সরকারকে জনসচেতনা মূলক প্রচার করতে হবে।

শুক্রবার পুলিশ ট্রেনিং স্কুলে প্রশাসনের সঙ্গে বাজি ব্যবসায়ীদের বৈঠক হয়। সেখানে নিজেদের বক্তব্য তুলে ধরেন বাজি ব্যবসায়ীরা। সোমবার কলকাতা পুলিশ এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সামনে হবে বাজি পরীক্ষা। তারপরই জানা যাবে এবার দীপাবলিতে কোন কোন বাজি পোড়ানো যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *