জুলাইয়ের শেষে লালবাজার অভিযানে নামছে রাজ্য বিজেপি

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৯ জুন: লকডাউন মিটলে লালবাজার অভিযানে নামছে রাজ্য বিজেপি। আজ দলের কার্যকারী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে খবর। জুলাই মাসের শেষ সপ্তাহে লালবাজার অভিযান কর্মসূচি নিতে চলেছেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা।

সংগঠনকে ঘুরে দাঁড়াতে ভার্চুয়ালি কার্যকারিণী বৈঠক করেন রাজ্য বিজেপি নেতৃত্ব। যে বৈঠকে রাজ্যের নেতারা ছাড়াও জেলা সভাপতি উপস্থিত ছিলেন। বৈঠকে রাজ্যের সকল নেতারা রাস্তায় নেমে শাসক দলের বিরুদ্ধে আন্দোলন করার পক্ষে সওয়াল করেন। কারণ রাস্তায় না নামলে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা হবে না। তৃণমূলকে প্রতিহত করতে দলকে পাল্টা রাস্তায় নামতে হবে। প্রয়োজনে দলকে জঙ্গি আন্দোলনে ফিরতে হবে। দলীয় নেতাদের থেকে এমন প্রস্তাব আসায় তা এক প্রকার কার্যত মেনে নিয়েছেন দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীরা।

যেহেতু রাজ্যে বিধিনিষেধ চলছে তাই এই মুহূর্তে বড় আন্দোলন করা সম্ভব নয়। কিন্তু বিধি-নিষেধ মিটলেই লালবাজার সহ জেলার পুলিশ সুপাদের দপ্তরগুলি ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া নিয়ে আলোচনা হয়েছে।

দলের বেশিরভাগ নেতার প্রস্তাব মেনে জুলাইয়ের শেষ সপ্তাহে লালবাজার ঘেরাও অভিযানের কর্মসূচি নিয়েছে রাজ্য বিজেপি। কলকাতার পার্শ্ববর্তী দু-একটা জেলার দলীয় কর্মীদের নিয়ে এই অভিযানে নামছে বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *