নিজস্ব প্রতিনিধি, আমাদের ভারত, ৮ ফেব্রুয়ারি: রাজ্য এবং জেলা কমিটি ঘোষণার পর সাংগঠনিক ক্ষেত্রে আর এক ধাপ এগোল বিজেপি। এবার বিভিন্ন জেলার ইনচার্জদের নামের তালিকা প্রকাশ করল রাজ্য নেতৃত্ব।
সোমবার রাতে মাত্র ১৫ টি জেলার ইনচার্জ ও সহকারি ইনচার্জদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে এখন পর্যন্ত সব জেলা সভাপতিদের নাম প্রকাশ করলেও বহু জেলা কমিটিই তৈরি করতে পারেনি। ফলে জেলার কাজকর্ম প্রায় কিছুই হচ্ছে না। এতে, ক্ষুব্ধ জেলা নেতারা।
প্রসঙ্গত, শুধু জেলা নয়, দলের বিভিন্ন শাখা সংগঠনের পূর্নাঙ্গ রাজ্য কমিটিও ঘোষণা করতে পারেনি বিজেপি। এমন অবস্থায় আলিপুর ন্যাশনাল লাইব্রেরিতে গত রবিবার দলের বৈঠকে ঠিক হয় দ্রুত সমস্ত সংগঠনের কমিটি ঘোষণা করা হবে। প্রকাশ করা হবে বিভিন্ন জেলা কমিটির পূর্নাঙ্গ নামের তালিকা। সেইমতো সোমবার জেলার ইনচার্জ ও সহকারি ইনচার্জদের নামের তালিকা ঘোষনা করা হয়। এই ক্ষেত্রে দলের আদি নেতারাই বেশি গুরুত্ব পেয়েছেন।

প্রসঙ্গত, পুর নির্বাচনে দলের হাল খারাপ হতেই সংগঠনকে সাজিয়ে তুলছে বিজেপি। আগামী পঞ্চায়েত নির্বাচনে জেলার নেতাদের বড় দায়িত্ব দিতে চায় রাজ্য বিজেপি। তারপরেই লোকসভার ভোট। কার্যত রাজ্য বিজেপি নেতাদের কাছে বড় পরীক্ষা। সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হতে না পারলে দিল্লির কাছে মান থাকবে না। সেইজন্য জেলায় এবার আদিপন্থী এবং কাজের অভিজ্ঞতা সম্পন্ন সিনিয়ার নেতৃত্বকে দায়িত্ব দিচ্ছে দল। যেমন বিজেপির কলকাতার উত্তর শহরতলীর যুবমোর্চার যুগ্ম ইনচার্জ করা হল তাপস ঘোষকে। বসিরহাটে ডঃ অর্চনা মজুমদাকে সহকারির দায়িত্ব দেওয়া হয়। তাপস ঘোষ আগে যুব মোর্চায় বহুদিন ছিলেন, সহ- সভাপতি, সংঠন সম্পাদক পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সেইজন্য তাকে পুনরায় জেলার যুগ্ম ইনচার্জ করে দায়িত্ব দিল বিজেপি।

