পুরুলিয়ায় রক্তদান শিবিরের আয়োজন করে মায়ের মৃত্যু বার্ষিকী পালন ছেলের

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ৩০ জানুয়ারি: মায়ের মৃত্যু বার্ষিকী পালন শুধুমাত্র ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সীমাবদ্ধ না রেখে রক্ত সংকট মেটাতে শিবিরের আয়োজন করলেন পুরুলিয়া জেলার দেশবন্ধু রোডের বাসিন্দা বিশ্বরূপ পট্টনায়ক।
মৃত্যুবার্ষিকী পালনে রক্তদান শিবিরের আয়োজন করে আসছেন পেশায় আইনজীবী বিশ্বরূপ। প্রতি বছর মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এই অভিনব কর্মসূচি গ্রহণ করেন তিনি। এবার চতুর্থ বর্ষে আয়োজিত এই রক্তদান শিবির ঘিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সকলের মুখে একটাই কথা, মৃত্যুবার্ষিকী পালন তাও এমন অভিনব উপায়ে। অনেকেই এমনটা দেখেননি আগে।

একদিকে মাতৃ বিয়োগের যন্ত্রণা আর অন্যদিকে মাকে স্মরণ করে মানুষের পাশে থাকার ইচ্ছে নিয়ে রক্তদান শিবিরের আয়োজন, আগামীদিনে সমাজকে পথ দেখাবে বললেন বিশিষ্ট অতিথিরা।

পরবর্তী প্রজন্মের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করবে বিশ্বরূপ বাবুর এমন প্রয়াস, বললেন রক্তদান শিবিরে উপস্থিত অধ্যাপক ছন্দম দেব।

আর যিনি এই মহান কর্মকাণ্ডের উদ্যোক্তা সেই বিশ্বরুপ পট্টনায়ক বললেন, জীবিত অবস্থায় তাঁর মা রক্তদান শিবিরের আয়োজনে বিশেষ উদ্যোগ গ্রহণ করতেন। কিন্তু তিনিই যখন ক্যান্সারে আক্রান্ত হন তখন রক্তের প্রয়োজনে তাঁকেও ভুক্তভোগী হতে হয়। তবে, বাকিরা যেন রক্ত সংকটের মধ্যে না পড়েন, সেই ভাবনা এবং মায়ের প্রেরণা থেকেই প্রত্যেক মৃত্যু বার্ষিকীতে রক্তদান শিবিরের আয়োজন বলে জানালেন তিনি।

এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন পুরুলিয়া পৌরসভার প্রশাসক নবেন্দু মাহালি সহ শহরের বিশিষ্ট রাজনৈতিক নেতা এবং সমাজ কর্মীরা।

সত্যিই এহেন উদ্যোগ আগামী প্রজন্মকেও নতুন দিশা দেখাক, রক্তদান দিক নতুন জীবন, কামনা করলেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *