বৃদ্ধা মাকে ভুল বুঝিয়ে জমি বাড়ি লিখিয়ে নেওয়ার অভিযোগে গাইঘাটায় গ্রেফতার ছেলে

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৮ মে: বৃদ্ধা মাকে ভুল বুঝিয়ে বিভন্ন কাগজপত্রে সই করিয়ে জমি বাড়ি লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। মায়ের অভিযোগের ভিত্তিতে ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া ঢাকুরিয়া এলাকায়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ছেলের নাম প্রণব কুমার দাস। তিনি কেন্দ্রীয় সরকারের সিপিডব্লিউডি বিভাগে ইঞ্জিনিয়ার পদে কর্মরত। বর্তমানে তার স্ত্রী সন্তান নিয়ে বাগুইআটি এলাকায় থাকতেন।

পুলিশ সূত্রের খবর, মা বছর ৮৩- র বৃদ্ধা বানি দাস। তাঁর অভিযোগ, বছর দুই আগে ডাক্তার দেখানোর নাম করে বাগুইআটির বাড়িতে নিয়ে যায় ছেলে প্রণব দাস। এরপর সেখানে তাঁকে ভয় দেখিয়ে ভুল বুঝিয়ে বিভিন্ন কাগজে সই করিয়ে জমি বাড়ি লিখিয়ে নেয় ছোট ছেলে প্রণব। সম্প্রতি অন্য এক ভাই দলিল দেখতে গিয়ে দেখে যে দলিল ঘরে পড়ে আছে সেটি নকল দলিল। এরপর ছেলে, বৌমা ও নাতির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন।

বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী বিশ্বরূপ সিংহ বলেন,”বৃদ্ধা বানি দাস তাঁর ছেলে, বৌমা ও নাতির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। শনিবার রাতে পুলিশ প্রণব দাসকে গ্রেফতার করে বনগাঁ মহকুমা আদালতে পাঠালে বিচারক তার জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *