বন্দুক হাতে নায়কের ভূমিকায় তৃণমূল নেতার ছেলে, ছবি পোস্ট করতেই ভাইরাল

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৬ আগস্ট:
বন্দুক হাতে নায়কের ভূমিকায় তৃণমূল নেতার ছেলে। ছবি পোস্ট করতেই হল ভাইরাল। সিনেমার কায়দায় গাড়ি থেকে নেমে বন্দুক হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে সঙ্গীদের নিয়ে হেঁটে চলার এই চিত্র এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নদিয়ার নাকাশিপাড়া টোল প্লাজার ঘটনা।

সূত্রের খবর, নদিয়ার দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দাপুটে প্রধান মহির উদ্দিন শেখের ছেলে বছর একুশের শহিদুল শেখ। স্থানীয় উৎসবের দিন নাকাশিপারার ৩৪ নম্বর জাতীয় সড়কের টোলপ্লাজায় গিয়ে একটি ভিডিও শুটিং করেন। যেখানে গাড়ির চালকের আসন থেকে নামছে কালো পাঞ্জাবি পরা প্রধানের ছেলে শহিদুল শেখ। তার হাতে একটি পিস্তল ঘোরাতে ঘোরাতে গাড়ির সামনে দিয়ে সঙ্গীদের সঙ্গে হেঁটে যাচ্ছে। এরপরেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। তৃণমূল নেতার ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে ছবি ভাইরাল হয়ে যায়। এলাকাজুড়ে উঠতে থাকে নানা প্রশ্ন। কিভাবে তৃণমূল নেতার ছেলে অস্ত্র নিয়ে ঘোরাতে ঘোরাতে ভিডিও তৈরি করে সেই ভিডিও পোস্ট করতে পারে?

এই খবর ছড়িয়ে পড়তেই কালীগঞ্জ থানার পুলিশ ডেকে পাঠায় অভিযুক্ত ছেলে ও বাবাকে। পুলিশের কাছে অস্ত্রটি জমা দেওয়া হয় বলে জানা যায়। প্রধানের দাবি, ছেলের হাতে অস্ত্র মতো দেখতে ওটি ছিল ছোটদের খেলনা। শুধুমাত্র খেলার ছলে এই ভিডিওটি মনোরঞ্জনের জন্য তৈরি করেছিল। এই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে উভয়কেই সতর্ক করা হয়েছে বলে জানা যায়। তবে ওটি অস্ত্র নয় প্লাস্টিকের খেলনা বলেই দাবি পুলিশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *