আমাদের ভারত, হুগলি, ২৪ আগস্ট: ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে বাবাকে খুনের অভিযোগ উঠল গুণধর ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় মৃতের স্ত্রী অঞ্জনা সাহাও গুরুত্বর আহত হয়েছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বলাগড় থানার জিরাট বাসস্টন্ড সংলগ্ন এলাকায়। মৃতের নাম চন্দ্ৰকান্ত সাহা (৬৫)। বাড়ি বলাগড় থানার শ্রীপুর এলাকায়। পেশায় তিনি একজন ব্যাবসায়ী ছিলেন। তবে মৃত ব্যক্তি সম্প্রতি তাঁর স্ত্রীকে নিয়ে জিরাট বাসস্টন্ড এলাকায় ভাড়া থাকতেন। অভিযুক্ত ছেলের নাম নীলকান্ত সাহা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জিরাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার চলতি মাসের ১ তারিখ ভাড়া আসেন চন্দ্ৰকান্ত সাহা ও তাঁর স্ত্রী অঞ্জনা সাহা। চন্দকান্ত সাহা তাঁর প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয়বার বিয়ে করেছিলেন৷ চন্দ্রকান্ত সাহার প্রথম পক্ষের একটি ছেলে রয়েছে। তার নাম নীলকান্ত সাহা। ফলে পারিবারিক বিবাদের জেরেই ঘটনার দিন রাতে ছেলে নীলকান্ত আচমকাই বাবার ভাড়া বাড়িতে এসে চড়াও বলে অভিযোগ৷ বাবা ও সৎ মাকে ধারালো ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করতে থাকে বলে অভিযোগ। তাদের চিৎকারে বাড়ির মালিক ও প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত ছেলেটি পালিয়ে যায় বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নীলকান্ত বছর তিনেক আগে বিয়ে করেছিল৷ ওর নিজের মা মারা যাওয়ার পর ওর বাবা দেড় বছর আগে পুনরায় বিয়ে করে৷ বাবা ও বাবার স্ত্রীকে বাড়িতে থাকতে দিত না। ছেলেটি ডায়মন্ড হারবারে শ্বশুরবাড়িতে থাকত। মৃত ব্যক্তির মিলনগড়ে কাপড়ের দোকান আছে। ব্যবসায়িক স্বার্থে তারা ভাড়া বাড়িতে থাকত বলে খবর৷ তাদের বাড়িটা বিক্রির উদ্দেশ্যে ছিল বলে খবর। সেই সম্পত্তির ভাগ ছেলে চাইত। সেটা না পাওয়াতেই এহেন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দশদিনের পুলিশ হেফাজত চেয়ে অভিযুক্তকে চুঁচুড়া আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনাটির তদন্ত চলছে।

