উত্তর দিনাজপুরে আগামী ২২ এপ্রিল ষষ্ঠ দফায় নির্বাচন, মোট ভোট কেন্দ্র ৩ হাজার ৭৬টি

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৭ ফেব্রুয়ারি: শুক্রবার পশ্চিমবঙ্গ সহ চার রাজ্য ও এক কেন্দ্র শাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে দেশের মুখ্য নির্বাচন কমিশন। ফলে জোর প্রস্তুতি শুরু হয়ে গেছে উত্তরদিনাজপুর জেলাতেও। শনিবার বিধানসভা নির্বাচন সংক্রান্ত বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন উত্তর দিনাজপুরের জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। উল্লেখ্য, উত্তর দিনাজপুরে আগামী ২২ এপ্রিল ষষ্ঠ দফায় বিধানসভা নির্বাচন। উত্তর দিনাজপুর জেলায় বিধানসভা রয়েছে ৯টি৷ এগুলো হল চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ ও ইটাহার।

জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক অরবিন্দ কুমার মীনা বলেন, জেলায় বিধানসভা নির্বাচনী বিজ্ঞপ্তি জারি হবে ২৬ মার্চ। ৩০ মার্চ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ৫ এপ্রিল মনোনয়ন স্কুটনির দিন ধার্য করেছে নির্বাচন কমিশন। ৭ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক আরও বলেন, উত্তর দিনাজপুর জেলায় মোট ভোটার রয়েছেন ২১ লক্ষ ৫৩ হাজার ৬৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লক্ষ ১৩ হাজার ৬৯০ জন এবং মহিলা ভোটার রয়েছেন ১০ লক্ষ ৩৯ হাজার ৮৯৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯১ জন।

উত্তর দিনাজপুর জেলার নির্বাচনী আধিকারিক অরবিন্দ কুমার মিনা এদিন আরও বলেন, এবারের বিধানসভা নির্বাচনে মোট ভোট কেন্দ্র রয়েছে ৩ হাজার ৭৬টি। এর মধ্যে প্রধান ভোট কেন্দ্র ২ হাজার ৭৫টি। অতিরিক্ত ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে ১ হাজার ১টি। মোট ভোট কর্মী রয়েছেন ১২ হাজার ৫৫০টি৷ জেলা নির্বাচনী আধিকারিক অরবিন্দ কুমার মীনা আরও জানিয়েছেন, এবারের বিধানসভা নির্বাচনে প্রবীণ, অসুস্থ, প্রতিবন্ধী মানুষদের জন্য ভোটদানের ক্ষেত্রে বিশেষ সুবিধা এনে দিয়েছে নির্বাচন কমিশন। তাঁরা ইচ্ছা করলে বাড়িতেই ব্যালোট পেপারে ভোট দিতে পারবেন। এরজন্য নির্বাচন কমিশনের কর্মীরা নিরাপত্তার সঙ্গে বাড়িতে ব্যালোট পেপার নিয়ে হাজির হয়ে যাবেন৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *