গঙ্গাজলঘাঁটিতে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩ জানুয়ারি: কাকভোরে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটিতে। আজ ভোর নাগাদ বাঁকুড়া-রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে দেশুড়িয়া মোড়ের কাছে একটি পুকুর পাড়ের নীচে ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বহু মানুষ জড়ো হন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে গঙ্গাজলঘাঁটি থানায় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে অমরকানন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানাগেছে, মৃতের নাম করুণাময় সিংহ(৩২)। বাড়ি দেশুড়িয়া গ্রামেই। যুবকের মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এই মৃত্যু রহস্যজনক বলে মনে করছেন মৃতের বন্ধু বান্ধব থেকে গ্রামের মানুষজন। তারা এই মৃত্যুর সঠিক তদন্ত দাবি করেছেন। এই মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

দেশুড়িয়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ সিংহ বলেন, বিশ্বাস করতে পারছি না এটা দুর্ঘটনা। কারণ ওর শরীরে দুর্ঘটনার কোনো লক্ষণ দেখতে পাইনি এবং যে বাইকে ও ছিল সেটিও রয়েছে অক্ষত। তাছাড়া বাইক পড়ে রয়েছে রাস্তায়, আর ওর মৃতদেহটি পড়ে ছিল পুকুর পাড়ের নীচে জলের কিনারে। জলে ভেজাও ছিল না শরীরে কোনো অংশ। তিনি বলেন, ও মেজিয়া শিল্পাঞ্চলের দুর্লভপুরে এক পরিবহন ব্যবসায়ীর কাছে কাজ করতো। এদিন সারাদিন বাড়িতেই ছিল। রাত ৮টা পর্যন্ত আমরা এক জায়গায় ছিলাম। তারপর মোড়ের দিকে যাব বলে উঠে গেল। রাতে বাড়ি ফেরেননি। সকালে উঠে শুনি করুণা আর নেই। একমাত্র সন্তানকে হারিয়ে বধির হয়ে রয়েছেনে করুণাময় সিংহের বিধবা মা।

গঙ্গাজলঘাঁটি থানায় পুলিশ জানিয়েছে, মৃতদেহটি উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। নিছক দুর্ঘটনার জেরে এই মৃত্যু, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রকহস্য তা ময়নাতদন্তের রিপোর্টের পরই জানা যাবে। তবুও পুলিশ তাদের নিজেদের মতো করে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *