রাজেন রায়, কলকাতা, ১৩ নভেম্বর: বিধানসভা নির্বাচনের সন্ত্রাস এবং ভোট পরবর্তী সন্ত্রাসকে উদাহরণ হিসেবে তুলে ধরে আসন্ন কলকাতা এবং হাওড়া পুরভোটে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করার আর্জি জানিয়েছিল বিজেপি। কিন্তু তাদের সেই দাবি নাকচ করে নিরাপত্তার ভার রাজ্যের ওপরেই ছাড়ল নির্বাচন কমিশন। এদিন রাজ্যের শীর্ষ আমলা ও পুলিশ কর্তাদের সঙ্গে জরুরি বৈঠক সেরে নিল রাজ্য নির্বাচন কমিশন। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, ডিজি মনোজ মালব্য এবং এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিম।
১ নভেম্বর জাতীয় নির্বাচন কমিশন যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে, সেই তালিকা ধরেই পুর ভোট হবে কলকাতা ও হাওড়ায়। কোভিডের ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন ও অন্য রাজ্য নির্বাচন কমিশনগুলি যে গাইডলাইন ব্যবহার করেছিল, সেগুলির সংমিশ্রণে পুরভোটের জন্য কোভিড গাইডলাইন স্থির করছে রাজ্য নির্বাচন কমিশন। ভোটার তালিকা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে আগামী মঙ্গলবারের মধ্যে চিঠি দেবে রাজ্য নির্বাচন কমিশন। বৈঠকে আলোচনা হয়েছে দুই পৌরনিগমের ভোটে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার ক্ষেত্রে পরিকল্পনা দেবে রাজ্য সরকার। সেই পরিকল্পনা তাড়াতাড়ি রাজ্য নির্বাচন কমিশনের হাতে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই পরিকল্পনা আসার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেবে কমিশন।
সদ্য নির্বাচনী আবহের মধ্যে দিয়ে গিয়েছে রাজ্য। প্রথমে বিধানসভা নির্বাচন ও পরে বেশ কয়েকটি কেন্দ্রের উপ নির্বাচন সম্পন্ন হয়েছে। এরই মধ্যে ফের ভোটের দামামা বেজেছে রাজ্যে। রাজনৈতিক দলগুলিও প্রস্তুতি শুরু করে দিয়েছে ইতিমধ্যে। এরই মধ্যে তৎপর হল কমিশনও। সম্ভবত চলতি মাসের ২৫ তারিখে ভোটের বিজ্ঞপ্তি জারি হবে।

