সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়, ১৬ নভেম্বর: দীর্ঘ ২০ মাস পর খুলল স্কুলের দরজা। শুরু হল পঠন পাঠন। দীর্ঘদিন পর স্কুলে আসতে পেরে এবং সহপাঠীদের সাথে একসঙ্গে ক্লাস করতে পেরে আনন্দে আত্মহারা পড়ুয়ারা।
শিক্ষা দপ্তরের নির্দেশ মতো এদিন স্কুলগুলিতে গেটে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়। দলবদ্ধ ভাবে স্কুলে ঢোকার পরিবর্তে এদিন একে একে পড়ুয়াদের স্কুলে প্রবেশ করতে হয়।প্রত্যেকের মুখে মাস্ক। প্রবেশের মুখে ছাত্র ছাত্রীদের ফুল আর কলম দিয়ে অভ্যর্থনা জানানো হয়। কোথাও আবার স্কুলের সামনে ফুলের গেট তো কোথাও রঙীন বেলুন দিয়ে সাজানো হয় স্কুল চত্বর। এরকম অভিনব ব্যবস্থা দেখে অভিভাবকেরাও অভিভূত। কিন্ত স্কুলে তাদের প্রবেশ নিষেধ।স্কুলের সামনে বড় বড় হরফে নোটিশ বোর্ড।সেখানে পড়ুয়াদের কি কি বিধি পালন করতে হবে তার নির্দেশ।

বাকুঁড়া মিশন বয়েজ স্কুলের শিক্ষক প্রসূন ব্যনার্জি বলেন, শিক্ষা দপ্তরের নির্দেশ মতো নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে। দু’দফায় ক্লাস হবে। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় ছাত্রদের সাথে মিশতে পারিনি, খুব খারাপ লাগছিলো। আজ ছাত্রদের পড়াতে পারবে বলে স্কুলের শিক্ষকরাও খুব খুশী।
দীর্ঘদিন স্কুলে আসতে না পারা, সহপাঠীদের সাথে একসাথে পড়াশোনা করতে না পারায় মনে খুব কষ্ট পাচ্ছিলাম, এবার সেই আগের মত স্কুলে আসতে পারবো এজন্য খুব ভালো লাগছে বলে জানায় অর্ধেন্দু বোস,শরৎ গরাই, দেবেন মিত্ররা।
বাকুঁড়া সম্মিলনী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী শ্রাবন্তিকা ঢাং, অনামিকা কর্মকার কলেজে আসার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, কলেজে ভর্তি হওয়ার পরই করোনার কারণে অনলাইনে ক্লাস শুরু হয়, কলেজে আসতেও পারিনি, কলেজে পড়ার স্বাদও পায়নি। এবার আনন্দ হচ্ছে অধ্যাপক অধ্যাপিকাদের কাছে সরাসরি ক্লাস করতে পারবো।
তবে স্কুল কলেজে ক্লাস চালু হলেও পাছে করোনার প্রভাব বেড়ে যায় এই আশঙ্কায় শঙ্কিত অভিভাবকরা।

