১৬ নভেম্বর থেকে খুলবে স্কুল কলেজ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজেন রায়, কলকাতা, ২৫ অক্টোবর: প্রায় ২০ মাস বন্ধ স্কুল, কলেজ। পঠন-পাঠন চলছে অনলাইনে। প্রবল সমস্যায় পড়ুয়ারা। এই পরিস্থিতিতে দ্বিতীয় ঢেউয়ের পরই সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, পুজোর পর স্কুল খোলার চেষ্টা করা হচ্ছে। স্কুল ভবনগুলি মেরামতির জন্য অর্থ বরাদ্দও করেছিল রাজ্য সরকার। আর কিছুদিনের মধ্যেই শারদীয়ার ছুটি শেষ হবে। তার আগেই আজ মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন রাজ্যের স্কুল, কলেজ কবে থেকে খুলবে।

উত্তরকণ্যায় উত্তরবঙ্গের জেলাগুলির প্রশাসনিক বৈঠকে এদিন মুখ্যমন্ত্রী রাজ্যের স্কুল, কলেজ খোলার বিষয়টি তোলেন। প্রথমে বলেন, ‘১৫ নভেম্বর থেকে খুলবে রাজ্যের স্কুল, কলেজ।’ মুখ্যসচিবকে এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্যও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে জানানো হয়, বিরসা মুন্ডার জন্মদিনের কারণে ১৬ নভেম্বর থেকে খুলবে রাজ্যের স্কুল-কলেজ।

বৈঠক চলাকালীনই মুখ্যসচিবকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘৪ তারিখে কালীপুজো। ৬ তারিখে ভাইফোঁটা। ১০ আর ১১ তারিখ ছট পুজো। ১৩ তারিখে জগদ্ধাত্রী পুজো। তোমাকে যা করতে হবে ১৫ তারিখ থেকে করতে হবে। স্কুল কলেজ খোলার ব্যাপারেও ১৫ তারিখ থেকেই করে দাও। তার আগে স্কুল কলেজগুলি পরিষ্কার করতে হবে। সেগুলিও মাথায় রাখতে হবে।’ আগামী দু’সপ্তাহের মধ্যে স্কুল, কলেজ ভবনগুলির প্রয়োজনীয় জীবাণুমুক্তকরণের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিয়ন্ত্রণে থাকলেও করোনা সংক্রমণের এখনও সম্পূর্ণ অবসান হয়নি। এই পরিস্থিতিতে স্কুল, কলেজগুলিতে নিয়মিত ক্লাস করানো হবে কি না? প্রতি ক্লাসে কতজন পড়ুয়া থাকবে? তা নিয়ে এ দিন কোনও কিছু জানাননি মুখ্যমন্ত্রী। কোভিডবিধি মেনে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *