মাদের ভারত,আলিপুরদুয়ার, ৮ এপ্রিল: “বাংলায় একটাই কথা শুনছি টিএমসি যাচ্ছে বিজেপি আসছে। আগামী ২রা মে রাজ্যে বিজেপি-র সরকার প্রতিষ্ঠিত হচ্ছে।” বুধবার আলিপুরদুয়ারের ফালাকাটা বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী দীপক বর্মণের সমর্থনে নির্বাচনী জনসভায় একথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি।
গতকাল তিনি বিমানে বাগডোগরা আসেন, সেখান থেকে হেলিকপ্টারে জনসভায় আসেন। ফালাকাটা এলাকার নানা সমস্যার কথা তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে সব থেকে বেশি গুরুত্ব পাবে মহিলাদের সার্বিক উন্নয়ন ও নারী সুরক্ষা। এছাড়াও বিজেপির নতুন সরকার ফালাকাটাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে শহরে একটি আধুনিক মানের বাস টার্মিনাস গড়বে।” একইসাথে তিনি দাবি করেন, তৃণমূল পশ্চিমবাংলার সাধারন মানুষদের উন্নয়ন করছে না। তৃণমুল কংগ্রেসের যে নেতারা মানুষের সাথে অন্যায় করছে, তারা ফালাকাটায় ভোট পাবে না। ফালাকাটার গ্রামে গ্রামে রাস্তাঘাট ভাঙ্গা। আপনাদের জানাতে এসেছি বাংলার গ্রামে রাস্তা বানানোর জন্য দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫০০কোটি টাকা পাঠিয়েছিলেন। কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার গ্রামের রাস্তা না বানিয়ে সেই টাকা কাটমানি, সিন্ডিকেটের মাধ্যমে নেতারা নিজের বাড়িতে জমা করেছে।” পাশাপাশি ফালাকাটা বিধানসভা কেন্দ্রের প্রতিটি নদীর উপর পাকা সেতু নির্মাণেরও কথা বলেন স্মৃতি ইরানি।

জটেশ্বরের গরুহাটি ময়দান থেকে নেত্রী বলেন, পশ্চিমবঙ্গে যখন নির্বাচন শুরু হল তখন তৃণমূলের নেতারা বলল খেলা হবে। আমি দিদিকে বলতে চাই আপনি তো বিগত ১০বছর ধরে বাংলার মানুষের সাথে খেলাই করেছেন। বাংলায় প্রতিটি গরিব পরিবারের উন্নয়ন হতে দিলে না। উত্তরবাংলার সাথে ন্যায় করতে দিলে না। নরেন্দ্র মোদীর দিল্লি সরকার বাংলার প্রত্যেক গরিব মানুষের জন্য প্রতিবছর ৫ লাখ টাকার আয়ুশমান যোজনা দিতে চেয়েছিল কিন্তু দিদি চালু করতে দেননি। কেন? দিদি আর ভাইপো সেই টাকার মধ্যেও কাটমানি পেতে চাইছিলেন। তবে এবার রাজ্যে বিজেপি সরকারকে ক্ষমতায় এনে সাধারন মানুষের সার্বিক উন্নয়নে দীপক বর্মনকে বিপুল ভোটে জয়ী করবার আহ্ববান জানান তিনি।

