স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৯ জুন: মানুষকে সতর্ক থাকার বার্তা দিচ্ছেন নদিয়ার কৃষ্ণগঞ্জ বাজারের সেলুন মালিক বিশ্বজিৎ প্রামানিক। মাস্ক সহ সংক্রমণ ঠেকানোর অন্যান্য পোশাক পড়ে তবেই কাজ করছেন তিনি। চুল, দাড়ি কাটার জিনিসপত্র স্যানিটাইজড করে তা দিয়ে কাজ করা হচ্ছে। সেলুনে যারা আসছেন তাদের নাম ফোন নম্বর লিখে রাখছেন তিনি। কারণ সংক্রমণ হলে তিনি স্বাস্থ্য দপ্তরকে সহযোগিতা করতে পারবেন। সেলুন চত্বরে কারোর থুথু ফেলা, অনুমতি না নিয়ে সেলুনের প্রবেশ সবকিছুই নিষেধ। এই নিয়মে খুশি স্থানীয় মানুষজনও।

এ বিষয়ে বিশ্বজিৎ প্রামানিক বলেন, সতর্কতাই হল করোনা থেকে বাঁচার পথ। করোনা থেকে ভয় নয় সতর্ক থাকা জরুরি। যেদিন থেকে আমরা দোকান খোলার অনুমতি পেয়েছি রাজ্য সরকারের কাছ থেকে সেদিন থেকে আমরা প্রত্যেকটা জিনিস স্যানিটাইজড করে, কাস্টমারদের হাত স্যানিটাইজড করে মাস্ক পরিয়ে ভেতরে ঢুকতে দিচ্ছি।যারা আসছেন তাদের নাম এবং ফোন নম্বর লিখে রাখা হচ্ছে যাতে সংক্রমণ হলে স্বাস্থ্য দপ্তরকে সহযোগিতা করা যায়।


