নভেম্বর থেকে গুটখা-পান মশলা বিক্রি নিষিদ্ধ রাজ্যে, নির্দেশিকা জারি নবান্নের

রাজেন রায়, কলকাতা, ২৬ অক্টোবর: ২০১৩ সালের পর আবার জারি নির্দেশিকা। করোনার সময়ে যত্রতত্র থুতু বা পানের পিক ফেলা নিষিদ্ধ ছিল। কিন্তু গুটখা বা পান মশলা যারা খান অনেকেই সেই নিয়ম মানতে পারেননি। তাই আগামী এক বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হল তামাকজাত দ্রব্য গুটখা ও পান মশলা। মঙ্গলবার নবান্নের তরফে এই নিয়ে বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে।

আগামী এক বছর গুটখা ও পান মশলা উৎপাদন করা বা বিক্রি করা যাবে না। আগামী ৭ নভেম্বর থেকে রাজ্যে ওই দুই তামাকজাত দ্রব্যে নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। তামাক সেবন স্বাস্থ্যকর নয়, এমনটাই উল্লেখ করা হয়েছে রাজ্য সরকারের নির্দেশিকায়। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফ থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের খাদ্য সুরক্ষা দফতরের ডিরেক্টর তপন কান্তি রুদ্রের স্বাক্ষর রয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

নির্দেশিকায় জানানো হয়েছে, ৭ তারিখের পর থেকে গুদামজাত দ্রব্যও বিক্রি করা যাবে না। সরকারি নির্দেশিকা অমান্য করে গুটখা বা পান মশলা বিক্রি করা হলে সংশ্লিষ্ট ওই ব্যাবসায়ীর বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এর আগেও একবার গুটখা সহ একাধিক তামাকজাত দ্রব্যের ওপর নির্দেশিকা জারি করেছিল নবান্ন। গুটখা, পান মশলা, খৈনির মতো তামাকজাত দ্রব্যের বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে নির্দেশিকা দেওয়া হয়েছিল ২০১৩-তেও। কিন্তু সচেতনতার অভাবে বিক্রি বন্ধ হয়নি। এবারের সিদ্ধান্তকেও চিকিৎসকরা স্বাগত জানালেও তা বাস্তবায়ন কতটা হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *