জে মাহাতো, মেদিনীপুর, ৯ মে: বিধানসভা নির্বাচনে কেশিয়াড়ি কেন্দ্রে তৃণমূলের জয় নিশ্চিত হওয়ার পর তৃণমূলের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতি গঠন করার তোড়জোড় শুরু হয়েছেl নির্বাচনের আগে পর্যন্ত সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলাতেও বিজেপি হাওয়া অব্যাহত ছিলl বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্যরা বিজেপিতেই রয়ে গিয়েছিলেনl
গত পঞ্চায়েত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও বিভিন্ন প্রশাসনিক কারণে বিজেপিকে বোর্ড গঠন করতে দেওয়া হয়নিl বোর্ড গঠনের জন্য একাধিকবার বিজ্ঞপ্তি জারি করা হলেও তা প্রত্যাহার করে নেওয়া হয়েছেl সম্প্রতি বিধানসভা নির্বাচনে কেশিয়াড়ি কেন্দ্রে তৃণমূল জয়ী হওয়ার পর ওই পঞ্চায়েত সমিতিতে নির্বাচিত সাতজন বিজেপি সদস্য তৃণমূলে যোগ দিয়েছেনl ফলে তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে কুড়িজনl গতকাল তৃণমূলের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়েছিলl সেখানে ঠিক হয়েছে কয়েকদিনের মধ্যেই কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতি বোর্ড গঠন করার বিজ্ঞপ্তি জারি হবেl

