১০ জন সাংবাদিককে ‘মিডিয়া হিরো’র সম্মান দিল রোটারি ক্লাব অফ বর্ধমান

আমাদের ভারত, বর্ধমান, ১ আগস্ট :
বর্ধমান শহরের দশ জন সাংবাদিককে ‘মিডিয়া হিরো’র সম্মান দিল রোটারি ক্লাব। শনিবার সন্ধেবেলা শহরের বোরহাটে রোটারি ভবনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের হাতে মানপত্র ও স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি সেরিব্রালে আক্রান্ত এক শিশুকেও রোটারি ক্লাবের পক্ষ থেকে বিশেষ হুইল চেয়ার তুলে দেওয়া হয়।

সারাবছর ধরেই একাধিক মানবিক কর্মসূচি নিয়ে থাকে রোটারি ক্লাব। করোনা পরিস্থিতিতে ক্লাবের সদস্যরা জানতে পারেন এক শিশু সেরিব্রালে আক্রান্ত হয়েছে। ওই শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগ করে শিশুর হাতে তুলে দেওয়া হয় বিশেষ হুইল চেয়ার।

এরপর সাংবাদিক আমিনুর রহমান, সন্দীপ সোম, প্রসেনজিৎ সামন্ত, পুলক যশ, পিন্টু প্যাটেল, কৃষ্ণকান্ত মল্লিক, সুমিত ভগত, সুদীপা সরকার, কেয়ামত আলি, দেবাশিস ঘোষেদের হাতে মানপত্র ও স্মারক তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি বিধায়ক খোকন দাস বলেন, সাংবাদিকেরা দিনরাত সাধারণ মানুষের কথা সংবাদমাধ্যমে তুলে ধরছে। মানুষকে সচেতন করছে। এই করোনা পরিস্থিতিতেও তারা নিজেদের কথা না ভেবে দিনরাত কাজ করে চলেছেন। রোটারি ক্লাব তাদের সংবর্ধনা দিয়েছে দেখে খুব ভালো লাগছে। এছাড়া রোটারি ক্লাব যেভাবে সারাবছর মানুষের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। তিনি সকলকে আরো মানবিক হয়ে সমাজের বিপন্ন অসহায় মানুষকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অফ বর্ধমানের সভাপতি ডাঃ চন্দ্রজিৎ কুন্ডু। অন্যান্যদের মধ্যে ছিলেন ক্লাবের সম্পাদক সৌমেন মন্ডল,ফেলোশিপ কমিটির চেয়ারম্যান নীলেন্দু সাহা শিকদার, ক্লাব সার্ভিস ডাইরেক্টর দেবশ্রী মজুমদার সহ অরিজিৎ সেন,অমিত কুমার সামন্ত, সমীর কুমার চৌধুরী সহ নবীন প্রবীন রোটারিয়ানরা।

এদিন সাংবাদিকদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি সুন্দর সঞ্চালনার মাধ্যমে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রোটারিয়ান সামন্ত্যক হালদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *