রাস্তা বেহাল, প্রতিবাদে ট্রেন আটকে বনগাঁ- চাকদা রোড অবরোধ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৫ মে: রাস্তা বেহাল। প্রায়শই গটছে ছোটখাটো দুর্ঘটনা। কিন্তু রেল কর্তৃপক্ষের হেলদোল নেই বলে অভিযোগ। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দা সহ বাসচালক ও টোটচালকরা। শুক্রবার সকাল ১০টা থেকে এক ঘণ্টা অবরোধ চলে উত্তর ২৪ পরগনার গোপালনগর- বনগাঁ- রানাঘাট শাখার রেল গেট চত্বরে। পরে পুলিশের হস্তক্ষেপে ১১টা নাগাদ অবরোধ ওঠে।

স্থানীয় সূত্রের খবর, সম্প্রতি বনগাঁ- চাকদা রোড সম্প্রসারণ হয়ে গোটা রাস্তা ঝাঁচকচকে হলেও গোপালনগর রেল গেটের কাছে রাস্তা বেহাল। বাস চালকদের অভিযোগ, রেল গেট থেকে নামার পথে ওই রাস্তা দীর্ঘ দুই বছর ধরেই বেহাল। বিশেষ করে বর্ষায় রাস্তা আরও বেহাল হয়ে পড়েছে। রাস্তার মধ্যে খানা-খন্দে জল জমে ডোবার আকার নিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, ওই রাস্তা দিয়েই প্রতিদিন আমাদানি রফতানির হাজার হাজার ট্রাক বাংলাদেশে যায়। এছাড়াও ওই রাস্তার সঙ্গে রয়েছে নদিয়ার সংযোগ। এছাড়া বনগাঁ- রানাঘাট শাখায় গেট নামানো ওঠানোর ক্ষেত্রেও রয়েছে অনিয়ম। ট্রেন আসার দুই মিনিট আগে গেট বন্ধ করে, ট্রেন চলে যাওয়ার পরও দুমিনিট পর রেল গেট খোলা হয়। এর ফলে রোগী ও নিত্তযাত্রীদের সমস্যায় পড়তে হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে বালি বোঝাই একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গিয়ে রাস্তার মধ্যে গর্তে পড়ে জখম হন এক সাইকেল আরোহী। তারপরেই ট্রেন আটকে বিক্ষোভ শুরু হয়। বাস চালক সুব্রত সরকার, রাজু রায় বলেন, এমনিতেই রাস্তা বেহাল হয়ে পড়ছে। তার উপরে বেআইনি মাটি বোঝাই ট্রাক্টর চলাচল করায় রাস্তার অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। রেল কর্তৃপক্ষকে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে ফল হয়নি। এর প্রতিবাদে টোটো চালক, বাসচালক ও সহ স্থানীয় বাসিন্দারা অবরোধে নামে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোপালনগর থানার পুলিশ। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *