সিবিএসসির সিলেবাস থেকে বাদ পড়ল ইসলামের উত্থান, মুঘল সাম্রাজ্য সহ একাধিক বিষয়

আমাদের ভারত, ২৫ জুন: চাপ কমাতে হবে ছাত্রদের। তাই সিলেবাস থেকে একাধিক বিষয় বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিবিএসসি। রাষ্ট্রীয় শিক্ষানীতিকে অনুসরণ করে ২০২২-২৩ এর নতুন সিলেবাস বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাতে বিশেষ করে যে বিষয়টি নজরে এসেছে তাহলো ইসলামের উত্থান, মুঘল সাম্রাজ্য, গণতন্ত্রের মতো বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে।

একাদশ শ্রেণির ইতিহাসের বই থেকে ইসলামের উত্থান এবং দ্বাদশ শ্রেণির বই থেকে মুঘল সাম্রাজ্য সরিয়ে দেওয়া হয়েছে। সিবিএসসি তৈরি নতুন পাঠ্যক্রম অনুযায়ী দশম শ্রেণির পলিটিক্যাল সায়েন্সের বই থেকে চতুর্থ অধ্যায়ে জাতি, ধর্ম ও লিঙ্গ বিষয়ে উদাহরণ হিসেবে দেওয়া ফয়েজ আহমেদ ফৈয়েজের শায়েরিও সরিয়ে দেওয়া হয়েছে।

একাদশ শ্রেণির বিশ্ব ইতিহাস থেকে সেন্ট্রাল ইসলামিক ল্যান্ড অধ্যায় সরানো হয়েছে। এই অধ্যায়ে সপ্তম থেকে দ্বাদশ শতকে ইসলামের উদয় ও বিস্তার সম্পর্কে বলা ছিল।

একইভাবে দ্বাদশ শ্রেণির ইতিহাস বইয়ের নবম অধ্যায় থেকে মুঘল সাম্রাজ্য সরিয়ে দেওয়া হয়েছে। নতুন সিলেবাস এই অধ্যায়গুলো থাকবে না।

এছাড়াও বোর্ড দ্বাদশ শ্রেণির বই থেকে প্রস্তর যুগে মানুষের উদ্ভব, বিকাশ, শিল্প বিপ্লব সরিয়ে দিয়েছে। সরানো হয়েছে সাম্রাজ্যবাদের কারণ ও প্রভাব।

দ্বাদশ শ্রেণির সোশ্যাল সায়েন্সের বই থেকে বাদ দেওয়া হয়েছে ভারতের গণতন্ত্র (দ্য স্টোরি অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি), সামাজিক আন্দোলন (সোশ্যাল মুভমেন্ট), মানব উন্নয়ন তথা মানবিক ভাবনার উন্নয়ন (হিউম্যান ডেভেলপমেন্ট এবং ডেভলপমেন্ট সাইকোলজিকাল স্কিল)

দশম শ্রেণির বই থেকে গণতন্ত্র ও বৈচিত্র্য (ডেমোক্রেসি অ্যান্ড ডাইভারসিটি) সরিয়ে দেওয়া হয়েছে।

এছাড়াও দশম শ্রেণির সিলেবাস থেকে সরিয়ে দেওয়া হয়েছে কৃষিতে বিশ্বায়নের প্রভাব ও খাদ্য নিরাপত্তার (ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন ইন এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি) চ্যাপ্টার।

যদিও সরকার দাবি করেছে যে এই ‘পরিবর্তন করা হয়েছে শিক্ষার্থীদের উপর থেকে চাপ কমানোর জন্য। কিন্তু সমালোচকরা দাবি করেছেন যে সামাজিক বিজ্ঞানের বইগুলি থেকেই বেশিরভাগ কাটছাঁট করা হয়েছে। বোর্ড জানিয়েছে, একই জিনিসের পুনরাবৃত্তি মুছে ফেলা হয়েছে। সমালোচকরা দাবি করেছেন যে, এই পদক্ষেপটি আসলে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *