আমাদের ভারত, ১২ অক্টোবর: “পশ্চিমবঙ্গে অন্যান্য বিশ্ব বিদ্যালয়ের উপাচার্যদের অনতিবিলম্বে পদত্যাগ করে নৈতিকতার নিদর্শন স্থাপন করা উচিত।” বুধবার এই মন্তব্য করলেন ‘পদ্মশ্রী‘ স্বীকৃতিপ্রাপ্ত চিকিৎসক তথা সমাজসেবী অরুণোদয় মণ্ডল।
অরুণোদয়বাবু সামাজিক মাধ্যমে লিখেছেন, “কলকাতা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য পদে সোনালী চক্রবর্তী বন্দোপাধ্যায়য়ের অবৈধ পুনর্নিয়োগ সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয়ের ডিভিশন বেঞ্চ খারিজ করে কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রাখল। পশ্চিমবঙ্গ সরকার ২০১৯ সালে পশ্চিমবঙ্গ বিশ্ব বিদ্যালয়ের আইনের সংশোধন করে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীই হলেন সমস্ত বিশ্ব বিদ্যালয়ের আচার্য।
২৭শে আগস্ট মেয়াদ শেষ হবার পর গত বছর ২৮শে আগস্ট কলকাতা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য পদে সোনালী চক্রবর্তী বন্দোপাধ্যায়কে চার বছরের জন্য পুনর্নিয়োগ করেন। ওই বছরের ১৩ই সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট তা খারিজ করে দেয়। তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকর ৩ মাসের জন্য মেয়াদ বাড়ালেও রাজ্য সরকার তৎসত্ত্বেও বিজ্ঞপ্তি জারি করে আচার্য হিসেবে মুখ্যমন্ত্রী অবৈধ ভাবে ৪ বছরের জন্যে পুনর্নিয়োগ করেন।
দেশের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ ঘিরে যে স্বৈরাচারিতার সাক্ষী রইলো তাতে শিক্ষা ব্যবস্থার চরম নৈরাজ্য প্রকাশ পেলো। অন্যান্য বিশ্ব বিদ্যালয়ের উপাচার্যদের অনতিবিলম্বে পদত্যাগ করে নৈতিকতার নিদর্শন স্থাপন করা উচিত। এমনকি এতদিনের অবৈধ বেতনের পুরো অংশ হাইকোর্টের রেজিস্টার্ড জেনারেলের কাছে জমা করুক। কারণ বেতনের এই অংশ সাধারণ জনগণের করের টাকা। অন্যথায় আদালত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক এই প্রত্যাশা রাখি।”

