রাজেন রায়, কলকাতা, ৪ নভেম্বর: রাজ্য বিজেপিতে বাড়তে চলেছে আরএসএসের প্রতিনিধিত্ব। বঙ্গ-বিজেপিতে ফের বাড়ছে সংগঠন সম্পাদকের সংখ্যা। এতদিন এই পদের দায়িত্বে শুধুমাত্র একজনই রয়েছেন। কিন্তু চলতি মাসেই সংগঠন সম্পাদকের সহকারী হিসেবে আরও দুজনকে নিযুক্ত করতে চলেছে বিজেপি। সেই দুই সহকারীই হবেন আরএসএস প্রচারক।
সাধারণত বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) পদে সঙ্ঘের কোনও প্রচারককেই বসানো হয়। এখন এই পদে রয়েছেন অমিতাত চক্রবর্তী। তাঁর হাতে এককভাবে সংগঠনের দায়িত্ব ছাড়তে চাইছে না বিজেপি ও সঙ্ঘ পরিবার। সুব্রত চট্টোপাধ্যায় যখন সম্পাদক পদে ছিলেন, তখন তাঁর সহকারী পদে দিলেন অমিতাভ চক্রবর্তী ও কিশোর বর্মন। সেই সময়ে অমিতাভ চক্রবর্তী ছিলেন সাধারণ সম্পাদক সংগঠন দক্ষিণবঙ্গ পদে। আর কিশোর বর্মন ছিলেন সাধারণ সম্পাদক সংগঠন উত্তরবঙ্গ পদে। বর্তমানে অমিতাভ চক্রবর্তী রয়েছেন সংগঠনের দায়িত্বে। আর কিশোর বর্মন এখন ত্রিপুরাতে সংগঠনের দায়িত্বে রয়েছেন।
এই সিদ্ধান্তে শুরু হয়েছে গুঞ্জন। এবার কি তবে অমিতাভ চক্রবর্তীকেও সরানোর কাজ শুরু করল পরিবার? সূত্রের খবর, তাঁকে নিয়ে নাকি খুব একটা খুশি নয় সঙ্ঘ পরিবার। অভিযোগ, তিনি মুখচোরা। সংগঠন চালানোয় অনভিজ্ঞ। কারোর মতামতেই বিশেষ গুরুত্ব দেন না। আছে দিলীপ ঘোষের সঙ্গে ঠান্ডা লড়াই। ইতিমধ্যেই কৈলাস বিজয়বর্গীয় ও শিবপ্রকাশ যাদবকে রাজ্যের পর্যবেক্ষক পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কড়া মনোভাবের পরিচয় দিয়েছে বিজেপি। সূত্রের খবর, শীঘ্রই গঠন হতে চলেছে বিজেপির রাজ্য কমিটিও। নির্বাচনী অভিজ্ঞতার থেকে শিক্ষা নিয়ে এবার বিজেপির সাংগঠনিক পদে এবার একের পর এক রদবদল হতে চলেছে। এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

