আমাদের ভারত, ২৫ অক্টোবর:
রাজ্যের শাসক দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে ক্ষমতার লড়াই শুরু হতে চলেছে বলে মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির মসনদে পাঠানো নিয়ে হইচই এর আসল কারণ হচ্ছে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের গদিতে বসার স্বপ্ন। তৃণমূল যদিও এর পাল্টা কটাক্ষ করে বলেছে, বিজেপি আগে নিজেদের দলের নেতাদের মধ্যে দ্বন্দ্ব মেটাক তারপরে বড় বড় কথা বলুক।
গোসাবার বেলতলীতে রবিবার উপনির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, যতটা না পিসিকে দিল্লি পাঠানোর ইচ্ছে তার চেয়ে বেশি নিজের এই রাজ্যে ক্ষমতায় বসার ইচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ার নিয়ে পিসি ভাইপোর মধ্যে লড়াই স্রেফ সময়ের অপেক্ষা।
মুখ্যমন্ত্রী মমতার নেতৃত্বেই দেশ থেকে বিজেপি সরকার উৎখাত হবে বলে বারবার দাবি করে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থীর সমর্থনে শনিবার গোসাবায় প্রচারে সভা থেকে অভিষেক বলেন, কাশ্মীর থেকে কন্যাকুমারী আওয়াজ উঠেছে “দেশকে নেত্রী ক্যায়সি হো, মমতা দিদি জ্যায়সি হো।” অভিষেকের আরও দাবি, মমতার নেতৃত্বে বিজেপি শাসিত রাজ্যগুলিতেও তাদের হারিয়ে সরকার গড়বে তৃণমূল।
অভিষেকের এই মন্তব্যের জবাবেই এই ক্ষমতার লড়াইয়ের প্রসঙ্গ টেনে এনেছেন সুকান্ত মজুমদার।
গোসাবায় বিজেপির এই সভায় সুকান্ত মজুমদার ছাড়াও দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপবাবু বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে যাওয়া নেতাদের কটাক্ষ করে বলেন, গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে অনেক বড়লোক ঢুকেছিল। ক্ষমতার লোভে তারা এসেছিল। বিজেপিত ক্ষমতা পায়নি তাই আবার পালিয়ে গেছে। ভালো হয়েছে বিদায় হয়েছে বিজেপি দূষণমুক্ত হয়েছে।

