আমাদের ভারত, ২৯ অক্টোবর: পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের পর তৃণমূলের আরএক হাইপ্রোফাইল নেতা এবার জেলে যাওয়ার পথে। রেশন বন্টন মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবে এই বিপুল দুর্নীতির ভাগীদার হিসেবে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। খোঁচা দিয়ে তিনি বলেছেন চিন্তা হলে বালুর হয়ে মুখ্যমন্ত্রীর নিজেই জেলে চলে যান।
বৃহস্পতিবার রেশন দুর্নীতি কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডি। এরপর আদালতে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তার শারীরিক পরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যে জ্যোতিপ্রিয় মল্লিকের কয়েক কোটি টাকা সম্পত্তি উদ্ধার হয়েছে। বাকিবুর রহমানের সূত্র ধরেই বালুর ( জ্যোতিপ্রিয়) নাম উঠে এসেছে। এমনকি তার অবৈধ টাকা সিনেমাতেও ব্যবহার হয়েছে। সেই সিনেমায় অভিনয় করেছেন বর্তমানে জেল মধ্যে বন্দী অর্পিতা মুখোপাধ্যায়, যিনি পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী হিসেবে পরিচিত।
এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “জ্যোতিপ্রিয় মল্লিক অসুস্থ হয়ে পড়েছেন, কারণ উনি বুঝতে পারছেন জেলে যেতে আর তার দেরি নেই। কিন্তু আমি তার সুস্থতা কামনা করছি। জানা যাচ্ছে, ১৩-১৪ সালে বাকিবুর রহমান কয়েকটি সিনেমা প্রযোজনা করেছেন। সেই সিনেমায় অভিনয় করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। ফলে ওনার নামে জ্যোতি থাকলেও উনার নিজস্ব কোনও জ্যোতি আর থাকবে না। আমি বলব সাহসের সাথে তদন্তের মোকাবিলা করতে হবে। তবে তথ্য প্রমাণ যা আছে তাতে আগামী দিন জেলেই থাকতে হবে।”
একই সঙ্গে সুকান্তর আরো দাবি, “সম্পত্তির পরিমাণ এখনই যা দেখা যাচ্ছে তা অবাক করার মত। ৮৭ লক্ষ টাকা দিয়ে বাড়ি রং করিয়েছেন। ৬ কোটি টাকার বাড়ি পাওয়া গেছে শান্তিনিকেতনে। এরাই আবার গরিব মানুষের জন্য চিৎকার করে। বাড়ির পরিচারকের নামে কোম্পানি, হিন্দি সিনেমার গল্প অনেকটা।”
জ্যোতিপ্রিয় মল্লিকের অসুস্থতা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, “বালু সুগারের রোগী। ওর যদি কিছু হয়ে যায় ও যদি মারা যায় আমি কিন্তু ইডি এবং বিজেপির বিরুদ্ধে এফআইআর করব।” এর পাল্টায় সুকান্ত মজুমদার বলেন, যদি এরকম হয় তাহলে তো সব সুগারের রোগীরাই দুর্নীতি করবে। ওনার যদি বালুকে নিয়ে এত চিন্তা হয়, তাহলে উনি নিজে জেলে যান, খাদ্য মন্ত্রীর জায়গায়। এই বিপুল দুর্নীতির ভাগীদার খোদ মুখ্যমন্ত্রী। উনি কিছুই জানতেন না তাই হয়?তাহলে বালুকে খাদ্য থেকে বনমন্ত্রী করলেন কেন?”

