সুবীরেশ ভট্টাচার্যর গ্রেফতারে প্রতিক্রিয়া দুই বিশিষ্টর

আমাদের ভারত, কলকাতা, ২০ সেপ্টেম্বর: এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যর গ্রেফতারে প্রতিক্রিয়া দিলেন পৃথক মহলের দুই বিশিষ্ট। এসএসসি নিয়োগ দুর্নীতির সঙ্গে সরাসরি যোগ ছিল সুবীরেশ ভট্টাচার্য-র। শান্তিপ্রসাদ সিনহার সঙ্গে পুরোটাই জানতেন এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান। অ্যারেস্ট মেমোতে উল্লেখ করেছে সিবিআই।

পদ্মশ্রী প্রাপ্ত চিকিৎসক, সমাজসেবী অরুণোদয় মণ্ডলের মন্তব্য, “অত্যন্ত দুর্ভাগ্যজনক – একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসএসসির দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন। এহেন শিক্ষিত মানুষরা ক্ষমতা ও আর্থিক সুযোগ সুবিধার লোভে গর্হিত কাজ করেছেন যা ক্ষমার অযোগ্য। বিচার ব্যবস্থার প্রতি যথেষ্ট আস্থা রেখেই বলছি – অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক – তা সে যে পদমর্যাদায় থাকুক না কেন। অন্যথায় সমাজের কাছে ভয়ঙ্কর এক ভুল বার্তা পৌঁছবে। নইলে দুষ্কৃতী ও অসামাজিক কীটরা আরো ক্ষমতাশালী ও অপ্রতিরোধ্য হয়ে উঠবে।”

এ প্রসঙ্গে প্রাক্তন উপাচার্য ডঃ বাসব চৌধুরীর প্রতিক্রিয়া চাইলে এই প্রতিবেদককে জানান, “আমি এই মানুষদের সঙ্গে কাজ করেছি। সবাইকে চিনি। সকলের বিষয়ে জানি। মতপ্রকাশ করা ঠিক হবে না কারণ এটি বিচারাধীন বিষয়। “শিক্ষিত” মানুষের নিচতায় ক্ষুব্ধ, লজ্জিত, অসম্মানিত। পর্দার আড়ালে আরো আছেন। কোনোদিন সুযোগ পেলে নিশ্চয় বলব। বিচার শেষ হোক।“

সূত্রের খবর, অ্যারেস্ট মেমোতে বলা হয়েছে, যাঁদের নিয়োগপত্র দেওয়া হয়েছে তাঁরা অনেকেই অযোগ্য ছিলেন। সূত্রের খবর, মঙ্গলবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হবে সুবীরেশ ভট্টাচার্যকে। এসসি-র প্রাক্তন চেয়ারম্যান ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিজেদের হেফাজতে চাইবে সিবিআই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *