জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ অক্টোবর: করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকা লোকাল ট্রেন চালুর দাবিতে সরব হল বেলদা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি। অবিলম্বে বেলদা থেকে লোকাল ট্রেন চালু, কেশিয়াড়ি মোড়ে ওভারব্রিজ স্থাপন, সুপার স্পেশালিটি হাসপাতাল চালু, অডিটোরিয়াম চালু, পুরী নিউদিল্লি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ সহ বেলদার সার্বিক উন্নয়নের দাবিতে মিছিল ও পথসভা করার পর ডেপুটেশন দিলেন সমিতির সদস্যরা।
শুক্রবার কেশিয়াড়ি মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বেলদা শহর পরিক্রমা করে। মিছিল শেষে কেশিয়াড়ি মোড়ে আয়োজিত পথসভায় অবিলম্বে লোকাল ট্রেন চালুর দাবি জানিয়ে বক্তব্য রাখেন বক্তারা।
এর পরেই সমিতির পক্ষ থেকে বেলদা স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন দেওয়া হয়। সমিতির প্রতিনিধিরা স্টেশন ম্যানেজারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন। এ দিনের পথ সভা থেকে আগামী ২৫ অক্টোবর খড়গপুরের ডিআরএমের কাছে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচির ডাক দেওয়া হয়। দীর্ঘদিন ধরেই বেলদা- হাওড়া লোকাল বাঁচাও ও যাত্রীদের সুরক্ষার দাবিতে আন্দোলন চালিয়ে আসছে রেলযাত্রী কমিটি। মিছিল ও পথসভায় বেলদা থেকে লোকাল ট্রেন চালু করার দাবি জানানো হয়েছে। কোভিড পরিস্থিতিতে ট্রেন বন্ধ থাকায় বাসে গাদাগাদি হয়ে যেতে হচ্ছে বলে সমিতির অভিযোগ।
অন্যদিকে, বেলদা-কেশিয়াড়ি রাজ্য সড়কের ওপর কেশিয়াড়ি মোড় এলাকায় দক্ষিণ-পূর্ব রেলওয়ের লেবেলক্রশিংয়ের একদিকে খড়্গপুর মহকুমার গুরুত্বপূর্ণ বাজার ও ব্যবসা কেন্দ্র বেলদা। বেলদা গ্রামীণ হাসপাতালে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন এই রাস্তা দিয়ে। এমন একটি গুরুত্বপূর্ণ রাস্তায় প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। এই রাস্তার সঙ্গে রয়েছে ওড়িশা, ঝাড়গ্রামের যোগাযোগ। গুরুত্বপূর্ণ জোন হিসেবে বেলদা শহরের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে এদিনের অবস্থান কর্মসূচি থেকে। উপস্থিত ছিলেন প্রদীপ দাস, তুষার জানা, সুশান্ত পানিগ্রাহী, অনিমেষ পাহাড়ি সহ অনেকে।

