স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৩ ডিসেম্বর: সম্প্রতি জেলাসফরে এসে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নির্মীয়মান ভবনের কাজ শেষ করার জন্য নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই তৎপরতার ফলে ভবন নির্মানের কাজে গতি আসবে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দশতলা বিশিষ্ট এই ভবন তৈরীর কাজ শেষ হলে পড়াশোনা, গবেষণা সংক্রান্ত বিভিন্ন কাজে সুবিধা হবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার দুর্লভ সরকার।
উল্লেখ্য ২০১৫ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। বর্তমানে কলা, বানিজ্য ও বিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতোকোত্তর স্তরে পঠন-পাঠন হয় বিশ্ববিদ্যালয়ে। রয়েছে গবেষণাধর্মী বিভিন্ন কোর্স। প্রায় দশহাজার পড়ুয়া রয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। ছাত্র-ছাত্রী ও কোর্সের সংখ্যা বাড়লেও বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন এখনো চলছে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের পুরাতন বিল্ডিং এ। সমস্যা সমাধানে রাজ্য উচ্চ শিক্ষাদপ্তর বিশ্ববিদ্যালয় সংলগ্ন জায়গায় দশতলা ভবন নির্মানের উদ্যোগ নেয়। কাজের দ্বায়িত্ব পায় এইচ আর বি সি কর্তৃপক্ষ। প্রথম কয়েকবছর কাজে গতি থাকলেও পরবর্তীতে কাজ প্রায় বন্ধের মুখে। চারবছর কাটতে চললেও ভবন নির্মানের কাজ শেষ না হওয়ায় শিক্ষা ও প্রশাসনিক কাজ করতে সমস্যায় পড়তে হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কে।
সূত্রের খবর রিভাইসড এস্টিমেট ও ফান্ডের জন্য বর্তমানে কাজ বন্ধ রয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রায়গঞ্জের কর্নজোড়ায় প্রশাসনিক বৈঠক করতে এসেছিলেন। সেই সভাতেই এই সমস্যার কথা মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সমস্যা শুনে তা দ্রুত সমাধানের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। নির্দেশ দেন দ্রুত কাজ শুরু করার। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার বলেন, ভবনটির কাজ শেষ হলে প্রায় ২৫০ টি ক্লাস রুম, অডিটোরিয়াম সহ অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া যাবে। মুখ্যমন্ত্রী যেভাবে সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছেন, তাতে খুব দ্রুত কাজ শেষ হবে বলে আশা করছেন তারা।

