সাথী দাস, পুরুলিয়া, ১ মার্চ: অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে সচেষ্ট নির্বাচন কমিশন। জেলায় জেলায় তাই শুরু হয়েছে নানান পরিকল্পনা আর উদ্যোগ। নির্বাচন সংক্রান্ত অভিযোগ ১০০ মিনিটের মধ্যে প্রতিবিধান করতে উদ্যোগী হল পুরুলিয়া জেলা নির্বাচন দফতর। দ্রুত সাড়া দিতে এফ এস টি (ফ্লাইং স্কোয়াড টিম) ৩০ টি ট্যাবলো জেলার ৯ টি বিধানসভা কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। এই টিম এর কাছে নির্বাচন সংক্রান্ত যা কিছু অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। এছাড়া টোল ফ্রি নম্বর ১৯৫০, সিভিজিল অ্যাপ এবং কমপ্লেইন সেল রয়েছে অভিযোগ ও তথ্য জানার জন্য।
জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক অভিজিৎ মুখার্জি জানান, প্রতিটি এফ এস টি ট্যাবলোতে জিপিএস লাগানো থাকায় এর মনিটরিং করা যাবে। কোথায় কোথায় অভিযোগ জানাচ্ছেন মানুষ এটা জানতে সুবিধা হবে।

এর আগে নাটক, গানের মাধ্যমে ভোট সংক্রান্ত প্রচার শুরু করে নির্বাচন দফতর। পুরুলিয়ায় এবার ভোটের ম্যাসকটে ‘জয় বাবা ফেলুনাথ’। বিখ্যাত গোয়েন্দার তিন চরিত্র ফেলু মিত্তির, তোপসে এবং জটায়ুকে ম্যাসকট করা হয়েছে।
ভোটারদের ভোট দানে উদ্বুদ্ধ করতে এবং নির্বিঘ্নে ভোট পর্ব সম্পন্ন করতে এই ম্যাসকট করে পুরুলিয়া জেলা নির্বাচন দফতর। নাম দেওয়া হয়েছে ” জয় বাবা ভোটনাথ “।

