সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৯ মে: বিজেপির দুই বিধায়কের প্রতিবাদ মিছিল আটকালো পুলিশ। বৃহস্পতিবার গোপালনগরে বিজেপির পথসভায় বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাসকে নাম না করে কুরুচির ভাষায় আক্রমণ করেছেন দুই বিধায়ক। এমন অভিযোগ তুলে গোপালনগর থানায় তৃণমূলের পক্ষ থেকে দুই বিজেপি বিধায়কের নামে অভিযোগ দায়ের করে।
বিজেপির দাবি, বৃহস্পতিবার রাতে তাদের দুই কর্মীর বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে তৃণমূল। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার গোপালনগরে প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল বিজেপি। প্রতিবাদ মিছিলে উপস্থিত হয় বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। এদিন তারা গোপালনগর রামচন্দ্রপুর রেলগেট এলাকা থেকে মিছিল শুরু করে রামচন্দ্রপুর ঘুরে গোপালনগর বাজারের দিকে যাওয়ার চেষ্টা করলে গোপালনগর পাল্লা রোড়ের রামচন্দ্রপুর রেল গেটের মুখে তাদের মিছিল আটকে দেয় পুলিশ। পুলিশের বাধার মুখে পড়ে রেল গেট এলাকায় মিছিল শেষ করে বিজেপি। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ও অশোক কীর্তনীয়া।
পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, এমন ঘটনা যদি আগামী দিনে ঘটে তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন।

