বিএসএফের ক্ষমতা বৃদ্ধির বিপক্ষে বিরোধিতার প্রস্তাব পাস বিধানসভায়

রাজেন রায়, কলকাতা, ১৬ নভেম্বর: বিএসএফের কাজের এক্তিয়ার বৃদ্ধি করতে কিছুদিন আগেই রাজ্যে এসে বিএসএফের সঙ্গে বৈঠক করে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। কিন্তু এই এক্তিয়ার বৃদ্ধির প্রথম থেকেই বিরোধিতা করে আসছে তৃণমূল। আজ এর বিরোধিতার সরকারি প্রস্তাব আনা হয়েছিল বিধানসভায়। ভোটাভুটিতে পাস হয়ে গেল সেই প্রস্তাব। প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১১২টি ও বিপক্ষে ভোট পড়েছে ৬৩টি।

বিএসএফের এক্তিয়ার বাড়ালে সংবিধানের বিরোধিতা করা হবে বলে দাবি তৃণমূল সরকারের। এই ইস্যুতেই এ দিন সরব হয়েছিলেন তৃণমূল বিধায়কেরা। এই প্রসঙ্গে বিধানসভার পরিষদীয় নেতা পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, ক্রমশ সীমান্তবর্তী নয়, এমন এলাকাতেও ক্ষমতা বাড়ানো হচ্ছে বিএসএফের। এ দিন ভোট দেননি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। কেন্দ্রীয় সরকার বিএসএফের এলাকাবৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে, তা আদতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপরে আঘাত, এই মর্মেই সরকারি প্রস্তাব আনা হয় মঙ্গলবার।

এই ইস্যুতে এ দিন বিধানসভায় সরব হন উদয়ন গুহ, তাপস রায় সহ তৃণমূল বিধায়করা। এ দিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, রাজ্যের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই রাজ্যের সীমান্তে নজরদারি চালানোর লক্ষ্যে বিএসএফের এলাকা ১৫ থেকে ৫০ কিলোমিটার করা হয়েছে।

ইতিমধ্যেই পাঞ্জাব বিধানসভায় এই মর্মে প্রস্তাব পাশ হয়েছে। সোমবারই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে এ কথা মনে করিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। সীমান্ত থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বিএসএফের হাতে ক্ষমতা দেওয়ার বিরুদ্ধে সরকারের বিধিবদ্ধ ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করে সোমবারেরই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *