প্রোমোটারের গ্রাসে বালুরঘাটের আত্রেয়ী, অভিযোগ সেচ দপ্তরে, খতিয়ে দেখার আশ্বাস সেচ প্রতিমন্ত্রীর

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২১ জুন: প্রোমোটার রাজে হারিয়ে যেতে বসেছে বালুরঘাটের আত্রেয়ী নদী। এব্যাপারে সোমবার বালুরঘাটের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে দক্ষিণ দিনাজপুর জেলা ভুমি ও ভুমি সংস্কার দপ্তর সহ বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্মারকলিপি জমা দেওয়া হয়। নালিশ পৌঁছেছে সেচ দপ্তরেও। শহরের একমাত্র খাঁড়ি দখল করে প্রোমোটারদের এমন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সরব শিক্ষক সমাজ থেকে অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলিও।

বেশকিছুদিন ধরে শহরের সুভাষ কর্নার এলাকা থেকে নারায়ণপুর পর্যন্ত এলাকায় অবৈধভাবে আত্রেয়ী দখল করে প্রোমোটাররাজ চালাবার অভিযোগ উঠেছে একশ্রেণির প্রোমোটারের বিরুদ্ধে। নিয়ম নীতিকে তোয়াক্কা না করে খাড়ির মাঝখানেই পিলার তুলে চলছে অবৈধভাবে বহুতল নির্মাণ বলে অভিযোগ। শহরের প্রাচীন ও ঐতিহ্যবাহী খাড়ি এভাবে দখল হবার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন শিক্ষক সমাজ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন। যারা ইতিমধ্যে লিখিত অভিযোগ জানিয়ে এর বিহিতের জন্য আবেদনও জানিয়েছেন প্রশাসনের কাছে।

অলিন্দ চক্রবর্তী ও প্রীতম সরকার নামে দুই শিক্ষক জানিয়েছেন, অন্যায় ভাবে খাড়ি দখল করে চলছে ভবন নির্মাণ। সব দেখে শুনেও নিশ্চুপ হয়ে রয়েছে প্রশাসন।

স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক সরোজ কুন্ডু বলেন, প্রাচীন খাড়ি এখন প্রোমোটারদের প্রায় দখলে। নিজের ইচ্ছেমতো তারা খাড়ি দখল করে অবৈধ নির্মাণ করে চলেছে। যার প্রতিবাদ জানাতেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা।

সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, গুরুত্বপূর্ণ একটি বিষয়। খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, বালুরঘাট শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বহুতল নির্মাণের জন্য কিছুদিন আগেই রাস্তা ভেঙ্গে যাওয়ার অভিযোগ সামনে আসে। আজ সকাল থেকে সেই বিষয়টি দেখতে সরোজমিনে তদন্তে নামেন সেচ দপ্তরের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *