আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৯ মার্চ:
স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে রাজ্য জুড়ে নাগরিকদের করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। উত্তর ব্যারাকপুর পৌরসভা এলাকার বৃদ্ধ বৃদ্ধা নাগরিকদের করোনা ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হল মঙ্গলবার থেকে। উত্তর ব্যারাকপুর পৌরসভা হাসপাতালে এদিন সকাল থেকে এলাকার বয়ষ্ক নাগরিকদের নাম নথিভুক্ত করে সচিত্র পরিচয়পত্র দেখে তাদের সমস্ত রকম শারীরিক পরীক্ষা করে করোনা ভ্যাকসিন দিচ্ছেন হাসপাতালের চিকিৎসকরা।

ভ্যাকসিন দেওয়ার পর নিয়মানুসারে প্রত্যেক রোগীকে প্রায় ৩০ মিনিট পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকরা। বয়স্ক নাগরিকরা ভ্যাকসিন নিয়ে খুব খুশি। সকলেই বলছেন, এবার মনে স্বস্তি ফিরল। উত্তর ব্যারাকপুর পৌরসভা এলাকায় প্রত্যেকদিন ৩০০ জন বয়স্ক নাগরিককে ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন নিতে ইচ্ছুকরা যাতে নিজের নাম পৌরসভায় এসে নথিভুক্ত করেন সেই প্রচারও পৌরসভার পক্ষ থেকে চালানো হচ্ছে।

পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য অভিজিৎ মজুমদার বলেন, “উত্তর ব্যারাকপুর পৌরসভা এলাকায় করোনা সংক্রমণের কোনও খবর নেই। আমরা সকলের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। বয়স্ক নাগরিকদের মধ্যে ভালো সাড়া আছে। ভ্যাকসিন দেওয়ার পর সকলেই সুস্থ আছেন, কারুর কোন সমস্যা নেই। বুধবার পর্যন্ত চলবে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া। এই ভ্যাকসিন একদম সুরক্ষিত।”

