আমাদের ভারত, ব্যারাকপুর, ১৪ ডিসেম্বর: একবার ফোন করলেই মিটবে জলের সমস্যা, রাস্তা ঘাট, নিকাশি সংক্রান্ত সমস্যা। তাও আবার যাকে তাকে নয় সরাসরি পৌর প্রশাসককেই বলা যাবে সমস্যা। পৌর এলাকা সংক্রান্ত কোনও সুবিধা অসুবিধার কথা, কোনও অভাব অভিযোগের কথা সরাসরি পৌর প্রশাসককে জানাতে গারুলিয়া পৌরসভার তরফ থেকে উদ্বোধন হল প্রশাসককে বলা কর্মসূচি, চালু হল ফোন নম্বর।
বিভিন্ন সময় ছোটখাটো সমস্যা বলার জন্য পৌর নাগরিকদের পক্ষে পৌরসভায় আসা অসুবিধা দায়ক হয়ে পড়ে, সেই সমস্ত অভিযোগ কিংবা পরামর্শ যাতে পৌরসভার গোচরে আনা যায় সেই লক্ষ্যে গারুলিয়া পৌরসভার পক্ষ থেকে সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল প্রশাসনকে বলো কর্মসূচি। নির্দিষ্ট একটি ফোন নম্বরে গারুলিয়া পৌরসভার পৌর প্রশাসকের সঙ্গে সরাসরি যোগাযোগ করে কথা বলতে পারবে গারুলিয়া পৌরসভা এলাকার বাসিন্দারা।

গারুলিয়া পৌরসভায় এই কর্মসূচির উদ্বোধন করে গারুলিয়া পৌরসভার পৌর প্রশাসক রমেন দাস জানান, পৌর এলাকা সংক্রান্ত কোনি সুবিধা অসুবিধা ও কোনও অভাব অভিযোগের কথা সরাসরি প্রশাসককে জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই কর্মসূচি অনুযায়ী আপাতত দুটি নম্বর চালু করা হয়েছে। যেখানে ফোন করে এলাকাবাসী আমাকে সরাসরি তাদের সমস্যা ও অভাব অভিযোগের কথা জানাতে পারবে। এতে পৌর এলাকার যে কোনও সমস্যা অনেক দ্রুত সমাধান করা সম্ভব হবে।”

