প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ২৮ এপ্রিল:
কামারহাটি অঞ্চলে ঐতিহ্যপূর্ণ ঐতিহাসিক জুট মিল প্রবর্তক জুট মিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দিয়ে বন্ধ করে দিল মিল কর্তৃপক্ষ। বুধবার সকালে মর্নিং শিফট শুরু এবং নাইট শিফট শেষ হওয়ার সময় নোটিশ ঝুলিয়ে দেয় মিল কর্তৃপক্ষ। নোটিশে উল্লেখ করা হয় শ্রমিকদের অনুপস্থিতি এবং কাঁচামালের সাপ্লাই না থাকার জন্য মিল চালানো যাচ্ছে না, সে কারণেই অনির্দিষ্টকালের জন্য মিল বন্ধ রাখা হচ্ছে।
বিধানসভা নির্বাচন শেষ না হতেই বিভিন্ন জায়গায় জুট মিল বন্ধ করে দেওয়া হচ্ছে। তারই অঙ্গ হিসেবে এই প্রবর্তক জুটমিল আজ বন্ধ হয়ে গেল। এই জুট মিলে কর্মরত প্রায় ২০০০ জন শ্রমিক কাজ হারালেন। একদিকে করোনাভাইরাস এর মত কঠিন রোগের ভয়ে মানুষ দিশাহারা হয়ে পড়ছে, তার সঙ্গে আবার কারখানা বন্ধ হওয়ায় শ্রমিকরা আজ অসহায় হয়ে পড়ল।
এই জুট মিলের ইউনিয়নগুলির নেতাদের বক্তব্য, “কাঁচামাল বেশ কিছু মাস ধরে ঠিক করে আসছিল না, আর কয়েকদিন আগে এই অজুহাতে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বেশ কিছু জুট মিল বন্ধ হয়ে গেছে। আর বুধবার সকালে এই মিলেও কাঁচা মালের অভাব দেখিয়ে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হলো। আমরা সব ইউনিয়নগুলি একসাথে মিলে মিটিং করে আমাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করব। তখন আমরা ঠিক করব যে আমরা আন্দোলন করবো না মালিক পক্ষের সাথে আলোচনা করবো মিল টি খোলার বিষয়ে।

