কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ সেপ্টেম্বর:
নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে ধ্বসে গেল প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা। ঘটনাটি ঘটে দাসপুর ২ ব্লকের খুকুড়দহ থেকে শ্রীবরা যাওয়ার রাস্তার শ্রীপুর বৃন্দাবনচক পুলগোড়ার কাছে।
জানা গিয়েছে, মঙ্গলবার শেষ রাতের দিকে ওই রাস্তাটির একাংশ ধসে যায়। স্থানীয় বাসিন্দারা বাঁশ দিয়ে ঘিরে দেন এলাকাটি, যাতে কোনো বিপত্তি না ঘটে। যদিও বুধবার সকালে একটি গাড়ি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে। স্থানীয় বাসিন্দারা গাড়িটিকে চালক সহ উদ্ধার করেন।
ওই গুরুত্বপূর্ণ রাস্তাটি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের অন্যতম সংযোগকারী রাস্তা। রাস্তাটি দ্রুত সারাইয়ের কাজ না হলে ওই এলাকার বাসিন্দারা যোগাযোগ সমস্যার সম্মুখীন হবেন।

