মোদীর কপ্টারের সামনে কালো বেলুন ওড়ালো কংগ্রেস কর্মীরা, বড়সড় বিপদ থেকে বাঁচলেন প্রধানমন্ত্রী

আমাদের ভারত, ৪ জুলাই: বড়সড় বিপদ থেকে বাঁচলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনো রকমে রক্ষা পেলেন তিনি। তাঁর কপ্টারের সামনে ওড়ানো হয়েছিল কালো গ্যাস বেলুন। এর ফলে কপ্টার দুর্ঘটনার কবলে পড়তে পারত। এই ঘটনায় অভিযুক্ত কংগ্রেসের প্রতিবাদী কর্মীরা।

অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় সোমবার এই ঘটনাটি ঘটেছে। আটক হয়েছে বেশ কয়েকজন প্রতিবাদী কংগ্রেস কর্মী। সোমবার অন্ধ্রপ্রদেশের ভিমাভারাম সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে আল্লুরি সীতারাম রাজুর মূর্তি উন্মোচন করার কথা ছিল তার। এদিকে সোমবার সকাল থেকেই বিজয়ওয়াড়া বিমানবন্দরে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন। জানা গিয়েছে, এই ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে আটক করা হয়েছে। আটক করা হয়েছে অন্ধ্রপ্রদেশের কংগ্রেস ওয়ার্কিং কমিটির কার্যকরী সভাপতি শেখ মস্তান ভ্যালি এবং রাজ্য কংগ্রেসের সভাপতি শৈলজানাথকে।

কংগ্রেসের অভিযোগ অন্ধ্রপ্রদেশ ভাগ হবার পর বিজেপি সরকার যা প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটাই পূরণ করেনি। স্লোগান দেওয়ার পাশাপাশি কালো বেলুন ওড়ান কংগ্রেস কর্মীরা। হাতে ছিল প্ল্যাকার্ড। বিজয়ওয়াড়া গান্না ভারন বিমানবন্দর থেকে উড়েছিল প্রধানমন্ত্রী কাপ্টার। অভিযোগ মোদীর কপ্টার লক্ষ্য করেই কালো বেলুন ওড়ানো হয়েছিল। বিশেষজ্ঞদের মতে এই ধরনের প্রতিবাদ ভয়ঙ্কর হতে পারত। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হতে পারত।

গত জানুয়ারিতে পাঞ্জাবের ফিরোজপুরে কৃষকদের বিক্ষোভের জন্য উড়ালপুলে দীর্ঘক্ষণ আটকে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তার কনভয় যাওয়ার জন্য যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগে উঠেছিল পাঞ্জাবের তৎকালীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *