দাম বাড়তে পারে পেঁয়াজের! আম আদমির কথা ভেবে আগেভাগেই একাধিক বড় পদক্ষেপ মোদী সরকারের

আমাদের ভারত, ২০ আগস্ট: টমেটোর দাম গগনচুম্বী হয়েছিল। তাই তার থেকে শিক্ষা নিয়ে আগেভাগেই পেঁয়াজের দাম ঠিক রাখতে বড় পদক্ষেপ করল কেন্দ্র সরকার। কম দামে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। সোমবার থেকে কেজি প্রতি পঁচিশ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার।

কম দামে পেঁয়াজ বিক্রি করবে ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমার্স লিবারেশন অফ ইন্ডিয়া। এর আগে আমজনতাকে স্বস্তি দিতে কম দামে টমেটো বিক্রি সিদ্ধান্ত নিয়েছিল সরকার।

কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পেঁয়াজের মজুদ ৩ লক্ষ মেট্রিক টন থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ মেট্রিক টন করা হবে। অক্টোবরে নতুন ফসল আসার আগে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে কেজি পতি পঁচিশ টাকায় পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সোমবার থেকে এনসিসিএফ- এর মোবাইল ভ্যানে ও বিপণিতে পেঁয়াজ পাওয়া যাবে।

দাম যাতে সাধ্যের বাইরে না চলে যায় তা নিয়ন্ত্রণ করতে এর আগেই পেঁয়াজ রপ্তানিতে চল্লিশ শতাংশ শুল্ক আরোপ করেছে কেন্দ্র সরকার। ডিসেম্বর পর্যন্ত এই বিধি জারি থাকবে। এর ফলে দেশের বাজারে পেঁয়াজের যোগান বৃদ্ধি পাবে। চাহিদার সঙ্গে পাল্লা দেওয়া সম্ভব হবে।

বাজারে পেঁয়াজের দাম এখনো নাগালের বাইরে যায়নি। কিন্তু আশঙ্কা করা হচ্ছে সেপ্টেম্বরে পেঁয়াজের দাম বৃদ্ধি পেতে পারে। তাই টমেটোর দাম বৃদ্ধির ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগেভাগেই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখার প্রস্তুতি সেরে রাখল মোদী সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *