ভাবা যায়! ফেরিঘাটের নিলামে দর উঠল ছ’কোটি টাকা!

আমাদের ভারত, কাটোয়া, ৯ সেপ্টেম্বর: ভাগীরথী নদীর উপর কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাটের জন্য টেন্ডার ডাকা হয়েছিল। সাত জন টেন্ডার জমা দিয়েছিলেন। এর মধ্যে একজন দর হেঁকেছেন ৬ কোটি ১৪ লক্ষ টাকা। এ কথা জানাজানি হতেই সবার চোখ কপালে উঠে যায়।

তিন বছর আগে যখন পূর্ব বর্ধমান জেলার ভাগীরথী নদীর উপর কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাটের জন্য টেন্ডার ডাকা হয়েছিল সেই সময় দর উঠেছিল ৭৭ লক্ষ ২০ হাজার টাকা। তিন বছরের জন্য ইজারা পেয়েছিলেন অশোক সরকার। স্বভাবতই নতুন টেন্ডার নিয়ে একটা আগ্রহ ছিল। সকলের আশা ছিল অন্তত কোটি টাকায় পৌঁছে যাবে এবারের দর। কিন্তু করোনা মহামারীর জেরে সেই দর নেমে আসে কিনা তা নিয়েও ছিল গুঞ্জন। কিন্তু দেখা যায় কোটি টাকা তো বটেই একলাফে গতবারের তুলনায় প্রায় আট গুণ বেশি দর হেঁকেছেন সেই অশোক সরকার। ফলে যাত্রীদের উপরে ভাড়ার মাশুল বাড়তে পারে বলে আশঙ্কা করেন কাটোয়াবাসী। শুধু কাটোয়া নয় দাঁইহাট, সহ বিস্তীর্ণ এলাকার মানুষজন এই ফেরিঘাটের উপর নির্ভরশীল।

কাটোয়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, কোনওভাবেই যাতে যাত্রীভাড়া না বাড়ানো হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম ভাঙ্গলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে নতুন করে ইজারা নেওয়া অশোক সরকার বলেন, এখানে ৪৭ জন কর্মী আছেন। তাদের কথা চিন্তা করে বেশি টাকা দিয়ে ফেরিঘাট নিজের কাছেই রাখলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *