আবার বাড়ল রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম, পেরোলো হাজার টাকার গন্ডি

আমাদের ভারত, ৭ মে:আবার একবার বাড়ল রান্নার গ্যাসের দাম। মাসের শুরুতেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের মূল্য বৃদ্ধি হয়েছিল। শুক্রবার মধ্যরাত থেকে আবার ডোমেস্টিক বা গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দাম বাড়লো। সিলিন্ডার পিছু ৫০ টাকা করে দাম বেড়েছে। এই দাম বৃদ্ধির ফলে কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হাজার টাকার গন্ডি পেরোলো।

কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হল ১০২৬ টাকা। গত মার্চে গার্হস্থ্য সিলিন্ডারের দাম ৫০ টাকা বেড়েছিল। এপ্রিলের সিলিন্ডারের দাম না বাড়লেও মে মাসের শুরুতে আবার ৫০ টাকা বাড়লো।

১মে গভীর রাত থেকে সারাদেশে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি পায়। কলকাতার ক্ষেত্রে ১৯ কেজির সিলিন্ডারের দাম ১০৩.৫০ টাকা বেড়েছিল। ফলে ১৯ কেজি সিলিন্ডারের দাম হয় ২৪৫০.৫৫ টাকা। এর আগে পয়লা এপ্রিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছিল আড়াইশো টাকা। তবে আজ বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে ৯.৫০টাকা। কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম ২৪৪৫.৫০ টাকা।

সাধারণত মাসের প্রথমেই এলপিজির দাম সংশোধন হয়ে থাকে। কিন্তু এই মাসের শুরুতে ১৪.২ কেজি গার্হস্থ্য সিলিন্ডারের দাম বৃদ্ধি হয়নি কিন্তু শুক্রবার ডলার পিছু টাকার দাম কমে যাওয়ার প্রভাব পরল দেশের জ্বালানি দামের ওপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *