আমাদের ভারত, মালদা, ১০ মে: পুরাতন মালদার বিডিওর সাথে পঞ্চায়েত সমিতির সভাপতির সংঘাত প্রকাশ্যে। সভাপতির অফিস স্থানান্তরিত করার প্রতিবাদে দপ্তরের সামনে মাটিতে বসেই কাজ করলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভানেত্রী মৃণালিনী মন্ডল মাইতি।
পঞ্চায়েত সমিতির সভাপতির অফিস অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে। মৃণালিনী মন্ডল মাইতির অভিযোগ, কোনও কারণ ছাড়া ইচ্ছাকৃতভাবে তাঁর অফিস সরিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে আজ দপ্তরের বাইরে নিচে বসে কাজ করলেন সভাপতি। বিষয়টি তাঁর জানা নেই বলে দাবি করলেন পুরাতন মালদার বিডিও ইরফান হাবিব। তিনি বলেন ফেব্রুয়ারি মাসে পঞ্চায়েত সমিতির সদস্য এবং তাদের স্বামীদের সাথে ব্লক অফিসের স্টাফদের বিবাদ হয়েছিল। মারধরের ঘটনা ঘটেছিল। সেই কারণেই বিডিও অফিস এবং পঞ্চায়েত সমিতির অফিস আলাদা করা হয়েছে। এব্যাপারে জেলাশাসক রাজর্ষি মিত্র বিষয়টি তাঁর জানা নেই। খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

