বাক্সের খোঁজখবরে ব্যালটে পুরভোটের সম্ভাবনা 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ আগস্ট: রাজ্য নির্বাচন কমিশন ব্যালট বাক্সের খোঁজখবর নেওয়া শুরু করতেই আগামী পুরসভা নির্বাচন ব্যালট বাক্সে হওয়ার জল্পনা শুরু হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই কোন জেলায় কত ব্যালট বাক্স এবং ইভিএম মেশিন রয়েছে তার তথ্য চেয়ে পাঠানোর পরে এই জল্পনা শুরু হয়েছে।

বিভিন্ন মহলে গত লোকসভা নির্বাচনের সময় থেকেই রাজ্যে ব্যালট পেপারে ভোট করার দাবি জানিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তিনি বলেছিলেন, যে সব নির্বাচন রাজ্য নির্বাচন কমিশন করবে সেগুলি ইভিএম মেশিনের বদলে ব্যালটে হবে। তার সেই বক্তব্যও ব্যালট পেপারে ভোট গ্রহণের সম্ভাবনাকে উসকে দিচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পুরভোটের সঙ্গে ব্যালট বাক্সের তথ্য তালাশের তেমন কোনও সম্পর্ক নেই। ব্যালট বাক্স ঠিক অবস্থায় রয়েছে কি না তার রুটিন মাফিক খোঁজখবর নেওয়া হচ্ছে। জেলা থেকে যা যা জানতে চাওয়া হয়েছিল তা নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। তবে যতদূর জানা গেছে পুরসভা নির্বাচন ইভিএম মেশিনে হবে, না কি ব্যালটে হবে সেই সিদ্ধান্ত এখনো হয়নি। বিষয়টি এখনও আলোচনার টেবিলেই রয়েছে।

আগামী পুরসভা নির্বাচন কি তাহলে ব্যালট বাক্সে হতে চলেছে? এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সম্পাদক তুষার মুখোপাধ্যায়ের বক্তব্য, গত পঞ্চায়েত নির্বাচনে শেষবারের মতো এই রাজ্যে ব্যালটে ভোট হয়েছিল। সেই নির্বাচনে ব্যালট লুট ও ছাপ্পা দেওয়ার মত মারাত্মক অভিযোগ উঠেছিল রাজ্যজুড়ে। তাই ইভিএম কিংবা ব্যালটের চেয়েও বেশি জরুরি কমিশনের নিরপেক্ষতা বজায় থাকা।

তৃণমূলের রাজ্য সম্পাদক আশীষ চক্রবর্তি বলেছেন, আমাদের দল গত লোকসভা নির্বাচনের সময় থেকেই ব্যালট পেপারে ভোট করার দাবি জানিয়ে আসছে। আগামী দিনে পৌরসভা নির্বাচন থেকে অন্যান্য নির্বাচন গুলিতেও ইভিএম মেশিন ব্যবহার না করলেই ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *