আমাদের ভারত, ৪ জানুয়ারি: মোমিনপুর কান্ডে জেএমবি জঙ্গি গোষ্ঠীর যোগের অভিযোগ উঠল। বুধবার সকাল থেকেই ওই এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল। আজ সেখানে পৌঁছেছিল এনআইএ আধিকারিকরা। তাদেরকে এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোনো রকম ওয়ারেন্ট ছাড়া এনআইএ আধিকারিকরা তল্লাশি চালাচ্ছিলেন। কিন্তু সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই জেএমবি জঙ্গি গোষ্ঠীর যোগের তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, আজ ভূকৈলাস রোড সহ মোট সতেরোটি জায়গায় তল্লাশি চালিয়েছে এনআইএ। চারটি বাড়ি থেকে তল্লাশি চালিয়ে প্রায় ৩৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। গোয়েন্দাদের অনুমান, এই ৩৫ লক্ষ টাকা হিংসার কাজে ব্যবহার করা হয়েছিল। কোথা থেকে টাকা এসেছে, কোনপথে টাকা আনা হয়েছে তার তদন্ত শুরু হয়েছে।
যে চারটি বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে তার মধ্যে সালাউদ্দিন নামের এক ব্যক্তির পরিবারের এক সদস্যকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। মোমিনপুর হিংসায় তিনটি মামলায় সালাউদ্দিনের নাম উঠে এসেছিল। সেই সূত্রেই তার বাড়িতে তল্লাশি চালায় এনআইএ আধিকারিকরা।
আধিকারিকদের দাবি, সালাউদ্দিন এই ঘটনার অন্যতম অভিযুক্ত। ভূকৈলাস রোড এলাকায় সালাউদ্দিনের ব্যবসা রয়েছে। এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, জেএমবি বাংলাদেশের একটি জঙ্গি সংগঠন যা বাংলাদেশ ভারত-সহ একাধিক দেশে নিষিদ্ধ। সাম্প্রতিক ও অতীতে জেএমবি জঙ্গি সন্দেহে একাধিক জন আটক হয়েছে কলকাতা তথা রাজ্যের অন্যান্য জেলা থেকে।

