জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: বৃহস্পতিবার নৌকায় করে ঘাটালের বন্যা পরিস্থিতি দেখার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার আহ্বান জানান ঘাটালের সাংসদ দেব। তিনি বলেন, দিদি প্রধানমন্ত্রী না হলে ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন সম্ভব নয়। তার একদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাটাল সফরের সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী রবিবার বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে ঝাড়গ্রামে আসার কথা মুখ্যমন্ত্রীর। আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তার ঘাটালের বন্যা পরিদর্শনের সম্ভাবনা প্রবল বলে প্রশাসনিক সূত্রের খবর। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনেও প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে।

