সাথী দাস, পুরুলিয়া, ১৯ ডিসেম্বর: যতই দিন যাচ্ছে ততই যেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ সামনে আসছে পুরুলিয়া জেলাজুড়ে। নামের তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ উঠছে প্রকৃত যোগ্যদের। এবার পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের গৌরাঙ্গডি গ্রামপঞ্চায়েতে এমনই অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন বঞ্চিতরা। শুধু তাই নয় বাড়ি না পেয়ে গ্রাম পঞ্চায়েতের বাইরে কান্নায় ভেঙে পড়লেন বেশ কয়েকজন অসহায় দুঃস্থ মহিলা। কাঁচা বাড়ি, বর্ষায় বসবাসে ঝুঁকি বেশি। আবেদন করেও সরকারি বাড়ি পাওয়া যায়নি বলে আক্ষেপ তাঁদের। বঞ্চনা আক্ষেপ চোখের জল বেঁধে রাখতে পারেননি দুঃস্থ মহিলারা।

বাড়ি পাওয়া থেকে বঞ্চিত থাকা মানুষজনদের পাশাপাশি এদিন বিক্ষোভে সামিল হতে দেখা গেল এলাকার বিজেপি নেতৃত্বকেও। যদিও গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে এদিন কাশীপুর থানার পুলিশ পৌঁছে ঘটনার সামাল দেন। যদিও এদিনের এই গ্রামপঞ্চায়েত ঘেরাওয়ের বিষয়ে তৃণমূল কংগ্রেসের গৌরাঙ্গডি অঞ্চল সভাপতি নন্দলাল দে বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় এলাকার প্রকৃত যোগ্যদেরই বাড়ি দেওয়া হয়েছে। বিজেপির উস্কানিতে গ্রামপঞ্চায়েত ঘেরাওয়ের মতো এইসব ঘটনা ঘটেছে। তিনি এদিন আরও বলেন, এই বিষয়ে আজ আমাদের গ্রামসভা ছিল। যে গ্রামসভা পার হয়ে গিয়েছে।


