ঘাটালের বন্যা পরিস্থিতিতে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা

কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ১০ আগস্ট: ঘাটালে মাস্টারপ্ল্যান বাস্তবায়িত করার জন্য মোদীজিকে বলুন, কেন্দ্রকে আমন্ত্রণ জানান। যদি কেন্দ্র সহযোগিতা না করে তাহলে আমরা বিধায়ক পদ থেকে ইস্তফা দেব, এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ঘাটালের বিধায়ক শীতল কপাট। ১০ আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালে বন্যা পরিদর্শনে আসলে বিধায়ক শীতল বাবু তার প্রতিক্রিয়ায় এই কথাগুলি বলেন। তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেন, দিল্লিতে গেলে মোদী মোদী আর বাংলায় মোদী বিরোধী। মাস্টারপ্ল্যান করার জন্য যদি রাজ্য সরকারের টাকা না থাকে তাহলে পিকে’কে দেওয়ার মত টাকা কোথা থেকে আসে?

বন্যা পরিদর্শনে এসে মুখ্যমন্ত্রী একটি কমিটি গঠন করেছেন যারা কেন্দ্রের সেচ মন্ত্রীর কাছে মাস্টারপ্ল্যানের জন্য দরবার করবেন। এই বিষয়ে ঘাটালের বিধায়কের প্রশ্ন মুখ্যমন্ত্রী নিজে কেন বলবেন না মোদীকে মাস্টারপ্ল্যানের বিষয়ে? শীতল বাবুর মন্তব্য, বন্যা পরিদর্শনে এসে ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেব আগামী লোকসভা ভোটের প্রচার করে গেছেন। কারণ সাংসদ বলেন, ২০২৪ সালে দিদি প্রধানমন্ত্রী হলে তবেই মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হবে। দিদি চান না যে, ঘাটালে মাস্টারপ্ল্যান হোক। কারণ মাস্টার প্ল্যান নিয়ে তিনি রাজনীতি করতে চান এবং মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে চান।

বিধায়ক আরও জানতে চান, ২০১১ সালে ক্ষমতায় আসার আগে মুখ্যমন্ত্রী ঘাটাল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিন বছর ইউপিএ সরকার থাকাকালীন তখন মাস্টার প্ল্যানের কথা কেন বলেননি। বন্যা পরিদর্শনে এসে মুখ্যমন্ত্রী কপালেশ্বরী এবং কেলেঘাই প্রকল্পে ৭০০ কোটি টাকা খরচের বিষয়ে যে কথা বলেন, তার জবাবে
শীতলবাবু বলেন, ৭০০ কোটি টাকা খরচের কথা মুখ্যমন্ত্রী বলছেন, তার হিসাব দিতে পারবেন তিনি?
কারণ তার ৫০ ভাগ টাকা তোলাবাজি হয়েছে। জনগণের স্বার্থে মুখ্যমন্ত্রীকে উন্নয়ন করার কথা বলেন তিনি। বিধায়ক আবার মনে করিয়ে দেন, কেন্দ্র উন্নয়নের পক্ষে। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্র তার টাকা দিয়েছে, রাজ্য তার বরাদ্দ টাকা দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *