পাহাড়ে বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ, দল গড়ছেন অনিত থাপা

আমাদের ভারত, শিলিগুড়ি, ২০ আগস্ট: ২০১৭ সালে গোর্খাল্যান্ড আন্দোলনের সময় বিমল গুরুং পাহাড় ছাড়ার পর বিনয় তামাং, অনিত থাপা মোর্চার একটি আলাদা গোষ্ঠী তৈরি করে। পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চা-২ নামে নিজেদের আধিপত্য তৈরি করেছিল। তবে সম্প্রতি কিছুদিন আগে দলের সভাপতি পদ থেকে বিনয় তামাং পদত্যাগ করার পরই দলের দায়িত্ব কাঁধে এসেছিল অনিত থাপার। তারপর বিনয় আর বিমল কাছাকাছি আসার পরেই চাপে পড়েছিল অনিত থাপা। তাই গত কয়েকদিন ধরে জল্পনা চলছিল, পাহাড়ে পৃথক রাজনৈতিক দল গড়তে পারেন অনিত থাপা। অবশেষে শুক্রবার সেই জল্পনাতেই সিলমোহর দিলেন খোদ অনিত থাপা।

শুক্রবার দার্জিলিঙে অনিত থাপার নেতৃত্বে একটি বৈঠক হয়। বৈঠক শেষে অনিত থাপা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আমরা নতুন দল ঘোষণা করব। সেই দিনই দলের নাম, প্রতীক এবং পতাকাও প্রকাশ করা হবে। পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরণ হবে।” তবে অনিত থাপার নতুন দল ঘোষণাকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ গোর্খা জনমুক্তি মোর্চা। মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, “নতুন দল হলে মোর্চার ক্ষমতা উলটে আরও বাড়বে। বিমল গুরুংয়ের হাত ধরে বহু মানুষ ইতিমধ্যেই মোর্চায় যোগ দেওয়া শুরু করেছে।”

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের পর আচমকা মোর্চা–২ থেকে পদত্যাগ করেন বিনয় তামাং। এমনকি দলের পতাকা ও প্রতীক বিমল গুরুংকে ফেরত দেন বিনয়। যার ফলে পাহাড়ে বিপাকে পড়ে যায় মোর্চা–২। পরিস্থিতি সামাল দিতে অনিত থাপাকে মোর্চা–২ এর কার্যকরী সভাপতি করা হয়। তবে দলের নাম ও প্রতীক নিয়ে আদালতে মামলা চলার পাশাপাশি বিমলের কাছে প্রতীক ফেরত দেওয়াতে মোর্চা–২ য়ের পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সেকার‍ণে নতুন দল গঠন করাই শ্রেয় বলে মনে করেন অনিত থাপা ও তাঁর অনুগামীরা। সেই মতো এদিনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে নতুন দল তৈরির সিদ্ধান্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *