প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ২৯ এপ্রিল:
মাস্ক আছে কিন্তু মুখের নিচে। এভাবেই চলছে বাজার দোকানে বেচাকেনা। খবর পেয়ে বিজপুর থানার পুলিশ মানুষকে সচেতন করতে হালিশহর বাগমোড় বাজারে আসেন ও মাস্ক ছাড়া অসচেতন লোকেদের ধমক দেন, লাঠি নিয়ে তাড়াও করেন।
করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা বঙ্গে। করোনা সংক্রমণে লাগামছাড়া অবস্থা দাড়িয়েছে উত্তর ২৪ পরগনার। সেই জায়গায় দাঁড়িয়ে সব মানুষের উচিত মুখে মাস্ক পরে বাইরে বেরোনো। কিন্তু ঠিক এর উল্টো চিত্র ধরা পড়ল উত্তর ২৪ পরগনার হালিশহর বাগমোড় বাজারে।
সকালে হালিশহর বাগমোড় বাজারে দেখা গেল বিক্রেতাদের মাস্ক আছে কিন্তু মুখের নিচে। বাজারে আসা ক্রেতাদের মধ্যেও অনেককেই দেখা গেলো মাস্ক ছাড়া কেনাকাটা করতে। মাস্কের বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করতেই নানান অজুহাত দিতে দেখা গেলো ব্যবসায়ী থেকে ক্রেতা সকলকেই। কেউবা তৎক্ষণাৎ পড়ে নিচ্ছেন মুখে। বহুবার সচেতন করার পরও বুড়ো আঙ্গুল দেখিয়ে মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছিলেন দেদার।
বাজারের এই পরিস্থিতির কথা জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসে বীজপুর থানার পুলিশ। পুলিশ দেখতেই তৎক্ষণাৎ মুখে পরেন মাস্ক ব্যবসায়ীরা। এদিন পুলিশ কর্মীরা বাজারে এসে অসচেতন মানুষদের সচেতন করবার জন্য ধমক দিয়ে করোনা পরিস্থিতি সম্পর্কে বোঝাতে থাকেন। দোকানে দোকানে গিয়ে মাস্ক পরার প্রয়োজনীয়তা সম্পর্কে ও কি ভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে তাও বোঝান।

