রাজেন রায়, কলকাতা, ১৪ ডিসেম্বর: মাঝে মধ্যে বিরোধী দলের একাধিক প্রার্থী আক্রান্তের অভিযোগ করছেন। সেই নিয়ে নজির বিহীন সিদ্ধান্ত নিল রাজ্য নির্বাচন কমিশন। মঙ্গলবারই রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস জানিয়ে দিয়েছেন, কোনও প্রার্থী যদি নিরাপত্তা চান তবে তাঁর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে পুলিশকে। পাশাপাশি নির্বাচনের সঙ্গে যুক্ত সমস্ত আধিকারিক এবং পর্যবেক্ষকদের নির্দেশ দিয়েছেন প্রতিটি অভিযোগই গুরুত্ব দিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভায় ভোট। মনোনয়ন পর্ব ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এখন জোর কদমে চলছে প্রচারাভিযান। তবে এখনও পর্যন্ত কোনও প্রচার নিয়ে বড় গোলমালের খবর সামনে আসেনি। তবে বিরোধীরা নিয়ম করে ছোটখাটো গোলমালের অভিযোগ করছেন রাজ্য নির্বাচন কমিশনের কাছে। এর জেরেই রাজ্য নির্বাচন কমিশনার এই নির্দেশ দিয়েছেন বলে ধারণা ওয়াকিবহাল মহলের।
কিন্তু নির্বাচন কমিশনের এই নির্দেশে উঠেছে প্রশ্ন। যেখানে খোদ বিরোধিতায় প্রার্থীরাই শাসক দলের ওপর পুলিশি সন্ত্রাসের অভিযোগ করছেন, মিছিলে পুলিশ অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ করেছেন, গন্ডগোল এরপর এফআইআর দায়ের করতে গেলে অভিযোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন, সেখানে যে কোনও প্রার্থীকে সত্যিই কি নিরাপত্তা দেবে পুলিশ? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে।

