পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ আগস্ট: অমিতাভ বচ্চনের সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি তোলা, যাদবপুরের সেনার পোশাকে মূল অভিযুক্তর গ্রেপ্তার এবং দত্তপুকুর বিস্ফোরণ কান্ড নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন মেদিনীপুরের বিজেপির সাংসদ দিলীপ ঘোষ।
বৃহস্পতিবার সকালে খড়্গপুর শহরে ইএফআর জওয়ানদের হাতে রাখি পরিয়ে দেওয়ার পর একটি চা চক্রে যোগ দেওয়ার সময় তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন অমিতাভ বচ্চনের সঙ্গে ছবি তুলছে প্রচার পাওয়ার জন্য। কারণ আজকাল আর কেউ তার ছবি ছাপে না। অমিতাভ বচ্চনের সঙ্গে ছবি তুলে তাই দেখাতে হচ্ছে যে আমি আছি।

যাদবপুর প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে বিজেপি সাংসদ বলেন, সেনার পোশাকে মূল অভিযুক্ত গ্রেফতার হয়েছে। তাকে ধরতে ১৫ দিন সময় লাগল কেন? সরকার সেসব বিষয়ে উদাসীন। হিংসা বন্ধ করতে এই সরকার আগ্রহী নয়। গোটা সমাজ যাদবপুরের ঘটনায় হাহাকার করছে, অথচ অভিযুক্তদের ধরতে পারছে না, তাহলে বুঝে নিতে হচ্ছে কোথাও নিশ্চয় গোলমাল আছে।
দত্তপুকুরে সরকারি ছাপ মারা বস্তায় বিস্ফোরক মজুদ প্রসঙ্গে প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, দত্তপুকুর থেকে বিশাল পরিমাণে বোমা, বাজি সরবরাহ করা হতো। দুধের গাড়িতে করে বাজি বোমা সাপ্লাই হত। পুলিশ উপরে উপরে দেখে নিত। আর দুধের প্যাকেট রয়েছে, এদের ছেড়ে দাও ছেড়ে দাও বলে পাশ কাটিয়ে দিত। এই ঘটনার সঙ্গে নেতা পুলিশ সবারই যোগ আছে। সবাই টাকা নিতো। দত্তপুকুরজুড়ে এখন ভয়ের পরিবেশ রয়েছে। এর জন্য নেতা থেকে মুখ্যমন্ত্রী সকলেই দায়ী। মানুষ বারবার বলার পরেও পুলিশ কোনো পদক্ষেপ করত না।

