আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ৩ মে: “থানা হয়ে গিয়েছে তৃণমূলের দলীয় কার্যালয়। ওসি এবং সিভিক ভলান্টিয়াররা গ্রামে গ্রামে গিয়ে পঞ্চায়েতের প্রার্থী ঠিক করছেন”। বুধবার বীরভূমের মুরারই থানায় বিক্ষোভ দেখাতে গিয়ে এভাবেই পুলিশকে আক্রমণ করেন হাঁসন কেন্দ্রের প্রাক্তন বিধায়ক, কংগ্রেসের জেলা সভাপতি মিল্টন রশিদ।
প্রসঙ্গত, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও অবাধ পঞ্চায়েত নির্বাচন সুনিশ্চিত ও পুলিশ প্রশাসনের নিরপেক্ষ কাজের দাবিতে বীরভূমের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করছে বাম-কংগ্রেস। বুধবার মুরারই থানায় সেই কর্মসূচি পালন করে তারা। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন মিল্টন। তিনি বলেন, “বিডিও অফিসে বসছেন ওসি, সিআইরা। আর মুরারইয়ের সঙ্গে রাজ্যের সব থানা তৃণমূলের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে”। এদিনের বিক্ষোভ সমাবেশে অশান্তি এড়াতে পুলিশ মাথায় হেলমেট পরে কর্তব্য পালন করছিল।

এনিয়ে কটাক্ষ করে মিল্টন বলেন, “আমাদের কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনাদের হেলমেট পরে থাকতে হবে না। আমরা আপনাদের উপর আক্রমণ করবো না। কারণ আপনারাও আমাদের ঘরের দাদা কিংবা ভাই। হেলমেট পরবেন বিজেপির রাজনৈতিক কর্মসূচিতে। আর তৃণমূলের কথা মতো কাজ না করলে হেলমেট পরবেন”।
এদিন মুরারই থানার সামনে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সিপিএমের জেলা কমিটির সদস্য সঞ্জীব বর্মন। তিনি বলেন, “আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করতে এসেছি যে, আপনারা নিরপেক্ষ ভাবে মানুষের হয়ে কাজ করুন। তৃণমূল আর থাকবে না। ওদের কালীঘাট থেকে বালির ঘাট সবাই চোর। তাই চোরদের নিরাপত্তা না দিয়ে মানুষের হয়ে কাজ করুন”। বিক্ষোভ শেষে থানার ওসির কাছে একটি স্মারকলিপি জমা দেয় তারা। মিছিল মুরাই পশুহাট থেকে শুরু হয়ে মুরারই থানায় এসে শেষ হয়।

