স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৬ এপ্রিল : কালিয়াগঞ্জ থানায় তান্ডব চালিয়ে পুলিশকে বেধড়ক মারধর করল বিক্ষোভকারীদের৷ থানা থেকে পালিয়েও তাঁরা রক্ষা পাননি। তাড়া করে তাদের অমানবিক ভাবে লাঠি, রড দিয়ে মারধর করল বিক্ষোভকারীরা। তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আমদের ভারত। ভিডিওতে পুলিশ কর্মীদের হাতজোড় করে প্রাণ ভিক্ষা করতেও দেখা যাচ্ছে।
১৬ বছরের কিশোরীর মৃত্যুর ঘটনায় মঙ্গলবার কালিয়াগঞ্জ থানায় যে রোষ আছড়ে পড়ে তাতে আবাসনের একটি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। মারধর করা হয় এক সিভিক ভলান্টিয়ারকেও। এরপর প্রাণ বাঁচাতে পুলিশ কর্মীরা দৌড়ে থানা পাড়া এলাকার একটি ঘরে ঢুকে আশ্রয় নেন। কিন্তু রেহাই মেলেনি৷ সেই ঘরের দেওয়াল ও জানালা ভেঙ্গে ঘরে ঢুকে পুলিশ কর্মীদের ঘিরে ধরে অমানবিকভাবে মারধর করে বিক্ষোভকারীরা। বেধড়ক মারে রক্ত ঝরে পড়ে পুলিশ কর্মীদের। তাঁরা হাতজোড় করে প্রাণ ভিক্ষা করতে থাকেন। কিন্তু উন্মত্ত জনতা তাদের রেহাই দেয়নি। একের পর এক লাঠি এবং রডের আঘাত পড়তে থাকে তাঁদের শরীরে। এই ঘটনায় শোরগোল রাজ্য রাজনীতি।

উল্লেখ্য গত ২১ শে এপ্রিল কালিয়াগঞ্জের সাহেবঘাটা সংলগ্ন পালোই বাড়ি এলাকার একটি পুকুর পাড় থেকে উদ্ধার হয় দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর মৃতদেহ৷ ঘটনায় টেনে হিঁচড়ে মৃতদেহ নিয়ে যেতে দেখা যায় পুলিশকর্মীদের। সেই ছবি নিয়ে নিন্দার ঝড় ওঠে রাজ্য জুড়ে। তারপর দফায় দফায় বিক্ষোভ, টিয়ারগ্যাস, লাঠিচার্জে উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জের সাহেবঘাটা সংলগ্ন এলাকা। এরপর মঙ্গলবার দুপুরে কালিয়াঞ্জ থানার আবাসনের একাংশে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। পালিয়ে মানুষের বাড়িতে আশ্রয় নেওয়া পুলিশ কর্মীদের ঘরে ঢুকে বেদম মারধর করে তারা। সেই ভয়ঙ্কর ছবি ভাইরাল হতেই শিউরে উঠছেন অনেকে।


